
দ্বিতীয়বারের মতো দেওয়া হলো শিল্পকলা পদক। বাঙালি জাতির সংগ্রাম, আন্দোলন ও অর্জনে এ দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা তাঁদের নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, ফটোগ্রাফি ও চিত্রকর্মসহ শিল্পের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এ পদক পান। গতকাল জাতীয় নাট্যশালায় শিল্পকলা পদক ২০১৪ পেলেন ওস্তাদ বজলুর রহমান বাদল (নৃত্যকলা), পণ্ডিত অমরেশ রায় চৌধুরী (কণ্ঠসংগীত), পণ্ডিত মদন গোপাল দাস (যন্ত্রসংগীত), সৈয়দ আব্দুল্লাহ্ খালিদ (চারুকলা), আশরাফুল আলম (আবৃত্তি), লাকী ইনাম (নাট্যকলা) ও শহিদুল আলম (ফটোগ্রাফি)।
প্রাপ্ত গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকা, সনদ ও শিল্পকলা পদক।
বৃহস্পতিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। নৃত্য-গীত, ব্যান্ডসংগীত, কাওয়ালি ও অ্যাক্রোবেটিক দিয়ে সাজানো হয়েছে বর্ণিল এ আয়োজন। প্রথম দিনের শুরুতে পরিবেশিত হয় শুভেচ্ছা ভালোবাসা শীর্ষক নৃত্যালেখ্য। দর্শক-শ্রোতাকে মুগ্ধ করা এ নৃত্যালেখ্যটির পরিচালনায় ছিলেন খ্যাতিমান নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। নাচের পরে সমবেত সংগীত। এ পরিবেশনায় অংশ নেয় ঢাকা সাংস্কৃতিক দল ও বহ্নিশিখা। পরে একক কণ্ঠে গান শোনান দেশের প্রতিথযশা শিল্পীরা।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় একাডেমীর উন্মুক্ত মঞ্চে সমাপনী আয়োজনে থাকছে আদিবাসীদের নৃত্য, সমবেত সংগীত, অ্যাক্রোবেটিক এবং জলের গানের পরিবেশনায় ব্যান্ডসংগীত।