সাত তরুণ নির্মাতার সাতটি নাটক
দেশ টিভিতে গত রোজার ঈদের অনুষ্ঠানমালায় সাত দিন ছিল সাতটি বিষয়ের ওপর তৈরি অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার কোরবানির ঈদের অনুষ্ঠানমালায় দেশ টিভির মূল ভাবনা হলো তারুণ্য। জানা গেছে, এবার ঈদে দেশ টিভিতে সাতজন তরুণ নির্মাতার তৈরি নাটক দেখানো হবে। তাঁদের কেউ কেউ একটি কিংবা দুটি বানালেও অন্যরা এবারই প্রথম নাটক নির্মাণ করছেন। এই তরুণ নির্মাতারা হলেন জাহিদ মাহমুদ, সাকিব আহমেদ, ফরিদা লিমা, মোন্তাসীর বীপন, ফয়সাল রাজীব, প্রশান্ত অধিকারী ও যুবরাজ খান। জানা গেছে, এরই মধ্যে এই তরুণ নির্মাতারা নাটক তৈরির কাজ শুরু করেছেন।দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী বললেন, ‘দেশ টিভি শুরু থেকেই নিজেদের আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করে আসছে। আর এ চেষ্টায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের প্রাধান্য দিয়ে আসছি আমরা। শুধু উত্সবে নয়, বছরের অন্যান্য সময়ও আমরা তরুণদের তৈরি নাটক ও অনুষ্ঠান প্রচার করে থাকি। তবে সব টিভি চ্যানেলের একটা সাধারণ ব্যাপার হলো, বিশেষ কোনো আয়োজনে তরুণদের রাখাই হয় না। এমনকি চ্যানেলগুলো অভিজ্ঞ এবং তারকা নির্মাতাদেরই প্রাধান্য দিয়ে থাকে। সেখানে আমরা অভিজ্ঞদের পাশাপাশি প্রাধান্য দিয়েছি তরুণদের। এটা অনেকটা চ্যালেঞ্জিংও বটে। আমরা আশা করছি, তরুণদের নিয়ে এ চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারব। আমরা আসলে প্রচলিত ধারণাটা বদলাতে চেয়েছি। তরুণ নির্মাতাদের ঈদের মূল আয়োজনের সঙ্গে যুক্ত করে একসঙ্গে কাজ করছি।’