সাত দিনে একটি দেশের গান
সাত দিন ধরে সাত মিনিটের একটি দেশের গান তৈরি করলেন শিল্পী ফেরদৌস আরা ও শুভ্র দেব। বিশেষ এ গানটি দুই শিল্পী উপস্থাপন করবেন ১২ জানুয়ারি অনুষ্ঠেয় ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক পুরস্কার’ অনুষ্ঠানে। এত দিন সময় লাগার কারণ জানতে চাইলে শুভ্র দেব বলেন, ‘সাধারণত যেভাবে আমরা অন্যান্য গান করি, এ গানটি সে রকম নয়। গানটির সংগীতায়োজনে ব্যবহার করেছি দেশীয় বাদ্যযন্ত্র—পাখওয়াজ, তবলা, দোতারা, সারেঙ্গি, সরোদ ও বাঁশি। এর সঙ্গে পাশ্চাত্য যন্ত্র ব্যবহার করেছি। ফিউশন ধাঁচের এ গানটিতে নতুনত্য আনতে যেমন রিদমে বৈচিত্র্য আনা হয়েছে, তেমনি সুরেও লোক, রবীন্দ্র, নজরুল ও পাশ্চাত্য সুরের মিশ্রণ করেছি।’ তিনি জানান, ‘রক্ত দিয়েছিল একদিন বাঙালি ভাষার জন্য’— এমন কথার এ গানের মূল ভাবনা ফেরদৌস আরার। এর সংগীতায়োজন তাঁদের দুজনের যৌথ প্রয়াস।ফেরদৌস আরা বলেন, এটি সব রকম উপকরণে একটি দেশ পরিচিতি গান। ফিউশন গান করা কঠিনতম কাজ। বাংলাদেশে সফলভাবে ফিউশন গান আগে হয়েছে কি না জানি না, তবে আমি নিজে প্রথম নিরীক্ষাধর্মী এ ধরনের একটি কাজ করলাম। গানে সারগাম, তান, হামিংয়ের কাজগুলো আমি করেছি। এ কারণে গানটি তৈরি করতে সাত দিন লেগেছে। আশা করছি, কথা ও সুরে ভিন্নধর্মী এ গানটি সবার ভালো লাগবে।’