সাত দিনের নাট্যপার্বণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্যবারের মতো এবারও বিশ্ববিদ্যালয়ভিত্তিক নাটকের দল জাহাঙ্গীরনগর থিয়েটার সপ্তাহব্যাপী নাট্যপার্বণের আয়োজন করছে। ‘আজ প্রয়োজন একটি সুরের, একটি কঠোর স্বর’—এ আহ্বান নিয়ে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ উৎসব শুরু হচ্ছে, চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নিজস্ব নাটকসহ ঢাকার প্রথম সারির পাঁচটি নাটকের দল অংশ নিচ্ছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি থাকছে গুণীজন সম্মাননা ও নাট্যজন সম্মাননা। উৎসবের প্রথম দিন আজ মঞ্চস্থ হবে নাট্যচক্রের সাইকেলওয়ালা নাটকটি। এটির নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন। এর আগে সকাল ১০টায় অমর একুশের পাদদেশে উৎসবটির উদ্বোধন হবে। এর পরই বের হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। দৃশ্যপটের সক্রেটিসের জবানবন্দি দেখা যাবে উৎসবের দ্বিতীয় দিন ১২ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে সুপ্রভাত। থিয়েটার আর্ট ইউনিট এস এম সোলায়মানের গোলাপজান মঞ্চস্থ করবে ১৪ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি পালাকার স্টুডিও থিয়েটার পরিবেশন করবে রবীন্দ্রনাথের ডাকঘর। ১৬ ফেব্রুয়ারি দুটি নাটক প্রদর্শিত হবে। ভাবমূর্তি মঞ্চস্থ করবে জাহাঙ্গীরনগর থিয়েটার এবং মাগো ওরা বলে মঞ্চস্থ করবে থিয়েটার সার্কেল, মুন্সিগঞ্জ। উৎসবের শেষ দিন থাকছে ইউসুফ হাসান নির্দেশিত নাট্যকেন্দ্রের ডালিম কুমার। এদিকে ১৪ ফেব্রুয়ারি নাট্যজন সম্মাননা হিসেবে রোকেয়া রফিককে সম্মাননা দেওয়া হবে। ১৬ ফেব্রুয়ারি গুণীজন হিসেবে ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দিকে সম্মাননা দেওয়া হবে।