সাত দেশের অংশগ্রহণে সংগীত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপনা, কর্মশালা, গোলটেবিল এবং সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ঢাকায় শুরু হয়েছে দুই দিনের সংগীত সম্মেলন ‘বাংলাদেশ মিউজিক উইক কনফারেন্স ২০১৫’। গতকাল শুক্রবার সকালে শিল্পকলা একাডেমীতে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। নরওয়ে দূতাবাসের সহযোগিতায় সম্মেলনে অংশ নিয়েছে সাতটি দেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত মারেটে লুন্ডেমো। তিনি জানান, এ ধরনের আয়োজন এ বছরই প্রথম। আশা করা যায়, প্রতিবছর নিয়মিত এ সম্মেলনের আয়োজন করা হবে। প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের সংগীত আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছে। উগ্রবাদী ও নেতিবাচক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সংগীত ও সংস্কৃতিই আমাদের একমাত্র অস্ত্র।’ আরও বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান লাইভ স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক নাফিস আহমেদ। নাচ পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা।
জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার। আলোচনা করেন নরওয়ের এনে মোবার্গ, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান, মমতাজ বেগম ও কণ্ঠশিল্পী মাকসুদ। দুপুরে নাট্যশালায় বাণিজ্যিক গানে নারীদের ভূমিকা নিয়ে এবং বিকেলে গানের জন্য আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আরও দুটি সেমিনার হয়।
বিকেলে ছিল গানের আসর। গান শোনায় ব্যান্ডদল ত্রিরত্ন, আরশিনগর বাংলাদেশ, পাওয়ারসার্জ, দ্য ব্রাদারহুড প্রজেক্ট, লালন, শিরোনামহীন, চিরকুটসহ কয়েকটি দল।