সাত বছর পর আবার মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক নাট্য সম্প্রদায় নূরলদীনের সারা জীবন নাটকটি শেষ মঞ্চস্থ করেছিল মহিলা সমিতি মিলনায়তনে। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সেটি ছিল নাটকটির ৮৪তম মঞ্চায়ন। সাত বছর পর আজ সাধনার স্টুডিও থিয়েটারে আবার মঞ্চস্থ হবে নাটকটি। তবে এবার পূর্ণাঙ্গ মঞ্চনাটক নয়, শ্রুতি নাটকের রূপ দেওয়া হয়েছে। নাটকটির নির্দেশক আলী যাকের জানান, শ্রুতি নাটক হলেও এর সঙ্গে অভিনয়ও থাকবে। নাটকের আকারও ছোট করা হয়েছে। সব মিলিয়ে এক ঘণ্টা। শ্রুতি নাটকে থাকছে অল্প কয়েকটি চরিত্র। নূরলদীন, আব্বাস, দয়াশীল এবং লাল কোরাস ও নীল কোরাস। পোশাক হিসেবে লাল কোরাস ও নীল কোরাস দলের সদস্যরা ব্যবহার করবেন সাদা পাঞ্জাবি, কালো প্যান্ট ও কোমরে গামছা। নূরলদীন (আলী যাকের), আব্বাস (আসাদুজ্জামান নূর) ও দয়াশীলের (পান্থ শাহরিয়ার) পোশাক কালো পাঞ্জাবি, সাদা পায়জামা ও কোমরে গামছা। আর চিত্রনাট্যটি লাল সালু কাপড় দিয়ে বাঁধানো হয়েছে। আজকের প্রদর্শনীর ব্যাপারে আলী যাকের বললেন, ‘সাধনার পরিচালক লুবনা মারিয়ামের অনুরোধেই আমরা আজকের প্রদর্শনীটি করছি। এই নাটকের আবেদন তো কখনোই শেষ হবে না। শ্রুতি নাটকে রূপ দেওয়ার ফলে এখন থেকে অল্প সময়ের মধ্যেই দেশের যেকোনো স্থানে এর প্রদর্শনী করা সহজ হবে। এর ফলে এই প্রজন্মের ছেলেমেয়েরা নাটকটির ব্যাপারে জানতে পারবে।’সৈয়দ শামসুল হকের লেখা এই কাব্যনাটকটির নির্দেশনা দিয়েছেন আলী যাকের।