সাত বছর পর আর্বো ভাইরাস
দীর্ঘ সাত বছর পর প্রকাশিত হয়েছে হাইব্রিড রক ব্যান্ড আর্বো ভাইরাসের দ্বিতীয় অ্যালবাম। নাম ‘মন্তব্য নিষ্প্রয়োজন’। প্রকাশিত হয়েছে নতুন প্রযুক্তির মাধ্যমে। সম্প্রতি রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে এই অ্যালবামের অডিও সিডির মোড়ক উন্মোচনের পরিবর্তে ফ্রি ডাউনলোডের সুযোগ সৃষ্টি করা হয়। অ্যালবামের গানগুলো সংগীতপ্রেমী যে কেউ (www.facebook.com/arbvirusofficial)-এ ভিজিট করে বিনা মূল্যে ডাউনলোড করতে পারবে বলে জানিয়েছেন ব্যান্ডের সদস্যরা। আর্বো ভাইরাস ব্যান্ডের দ্বিতীয় অ্যালবামটি ফ্রি ডাউনলোড প্রযুক্তির সুযোগ করে দিতে সহায়তা করেছে অ্যাপেক্সের অঙ্গপ্রতিষ্ঠান সি প্রিন্ট ও লাইভ স্কয়ার। সংবাদ সম্মেলন শেষে প্রায় তিন শতাধিক আগ্রহী দর্শক নিয়ে ডাউনলোড আর্বো ভাইরাস নামে একটি ব্যান্ড শো অনুষ্ঠিত হয়। আর্বো ভাইরাস, সি প্রিন্ট ও লাইভ স্কয়ারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো ব্যান্ড এ প্রযুক্তি গ্রহণ করার উদ্যোগ নিয়েছে। এ প্রযুক্তিতে দেশ-বিদেশের যেকোনো সংগীতপ্রেমী গানগুলো বিনা মূল্যে ডাউনলোড করতে পারবে। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ফ্রি ডাউনলোডের প্রযুক্তিটি ব্যান্ড আর্বো ভাইরাসকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে অনুষ্ঠানে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।