সাত বছর পর উপস্থাপনায় কুসুম
সাত বছর পর আবারও উপস্থাপনা করতে যাচ্ছেন কুসুম শিকদার। কাল বুধবার বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন তিনি। কুসুম শিকদার ছাড়া অনুষ্ঠানটির আরেকজন উপস্থাপক হলেন চিত্রনায়ক ফেরদৌস।এ প্রসঙ্গে কুসুম শিকদার জানিয়েছেন, ‘উপস্থাপনা ছেড়ে দিয়েছিলাম সাত বছর আগে। সাত বছর পর আবারও উপস্থাপনার প্রস্তাব পেলাম। তাও আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের। রাষ্ট্রীয় কাজ, তাই রাজি হয়েছি।’কুসুম আরও বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের এক আসরে আমি মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছিলাম। এবারই প্রথম উপস্থাপনা করব। ভালোই লাগছে।’ সাত বছর আগে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সর্বশেষ উপস্থাপক হিসেবে দেখা গিয়েছিল কুসুম শিকদারকে।এদিকে কুসুম এখন কলকাতার একটি সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বনলতা নামের এই সিরিয়ালটিতে আরও অভিনয় করছেন আবুল হায়াত ও নাঈম।