সাত বছর পর ঐন্দ্রিলা
সাত বছর পর আবারও নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন এ দেশের টিভি ও চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী প্রয়াত বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা আহমেদ।সাবিন আহমেদ নির্দেশিত একটি লিফট কোম্পানির বিজ্ঞাপনে তিনি মডেল হিসেবে কাজ করেছেন। গত সপ্তাহে ঢাকার গুলশানে বিজ্ঞাপনটির শুটিং হয়। গল্পনির্ভর এ বিজ্ঞাপনে কাজ করে ঐন্দ্রিলা বেশ তৃপ্ত।ঐন্দ্রিলা বলেন, ‘২০০৫ সালে আমি সর্বশেষ একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের কাজ করেছিলাম। এরপর আর কোনো বিজ্ঞাপনচিত্রের কাজ করিনি। সম্প্রতি এই বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব আসার পর ভাবনাটা ভালো লাগে। তাই কাজটি করতে রাজি হই।’ঐন্দ্রিলা এ-ও বলেন, ‘বর্তমানে বিজ্ঞাপনচিত্রটির সম্পাদনার কাজ চলছে। শুনেছি, সামনের মাস থেকে এটির প্রচার শুরু হবে। অনেক দিন পর একটি ভালো বিজ্ঞাপনে কাজ করলাম। আশা করি, দর্শকের ভালো লাগবে।’মাত্র চার বছর বয়সে ঐন্দ্রিলা প্রাইজবন্ডের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। এরপর সানক্রেস্ট, ফেয়ার অ্যান্ড লাভলি, তিব্বত লিপজেল, ক্যামেলিয়া সাবানসহ মোট ১৫টি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। নতুন বিজ্ঞাপনটি তাঁর ১৬তম বিজ্ঞাপন। ছোটবেলায় বরকতউল্লাহ প্রযোজিত ‘দোলা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তবে ধারাবাহিক নাটক ‘রূপনগর’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় চলে আসেন ঐন্দ্রিলা। এ পর্যন্ত অর্ধশতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।