সাত বছর পর নতুন অ্যালবাম

নগরবাউল জেমস শেষ কবে নতুন অ্যালবাম তৈরি করেছিলেন? জেমসের সহজ উত্তর, ‘বছর সাতেক তো হবেই।’
ঠিকই বলেছেন। ২০০৯ সালে বেরিয়েছিল তাঁর কাল যমুনা অ্যালবামটি। জেমস আবার অ্যালবামের জন্য নতুন গান তৈরি করছেন। বললেন, ‘নতুন গান করার সিদ্ধান্ত চূড়ান্ত। তবে কী থাকবে, তা এখনো জানি না। সবকিছুই প্রাথমিক পর্যায়ে আছে। গান যে করছি, এটাই শুধু জানি।’
জেমসের ব্যবস্থাপক রবিন ঠাকুর জানালেন, এবার জেমস আটটি গান করবেন। কথা লেখা হচ্ছে, সুর হচ্ছে। নতুন এই অ্যালবাম নিয়ে জেমস খুব সিরিয়াস। নিজের স্টুডিওতে নিয়মিত সময় দিচ্ছেন। এত বছর পর শ্রোতাদের নতুন কিছু দেওয়ার ইচ্ছা তাঁর।
জেমস এই সাত বছরে আর কোনো গান করেননি? করেছেন। এ সময় তিনি গান গেয়েছেন হিন্দি ছবি আর বাংলা ছবিতে।
হিন্দি ছবির গান তাঁকে এনে দিয়েছে অন্য মাত্রার জনপ্রিয়তা। আর বাংলাদেশে তিনি পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’। এবার সেরা গায়কের পুরস্কার পাচ্ছেন তিনি। ছবির নাম দেশা দ্য লিডার আর গানটির প্রথম দুটি লাইন হলো ‘পতাকাটা খামচাতে কখনো আসে যদি শকুন আর হায়েনার দল/ সংগ্রামে সংগ্রামে রুখে দাঁড়াতেই হবে সাহস বুকে অবিচল’। সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।
: আপনাকে অভিনন্দন।
: ধন্যবাদ।
: জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন—এমনটা ভেবেছিলেন?
: না, ভাবিনি।
: সেরা গায়কের সম্মাননা অর্জন করে কেমন লাগছে?
: ভালো লাগছে।
২৯ ফেব্রুয়ারি দুপুরে কথা হয় জেমসের সঙ্গে। কথায় কথায় উঠে আসে চলচ্চিত্রের গান, নতুন গান আর ফটোগ্রাফির প্রসঙ্গ। বললেন, ‘পুরস্কার পাব—এই ভাবনা নিয়ে গান করি না। আমার কাজ গান গাওয়া। নিজের ভালো লাগার ব্যাপারটি মুখ্য। শ্রোতাদের ভালো লাগলে ভালো লাগাটা কাজ করে বেশি।’
নগরবাউল জেমসকে জিম মরিসনের সঙ্গে তুলনা করেন বলিউডের নির্মাতা মহেশ ভাট। গ্যাংস্টার ছবির অন্যতম প্রযোজক তিনি। ছবির কাহিনিও তাঁরই। এ ছবিতে প্রীতমের সুরে জেমসের গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি দারুণ জনপ্রিয় হয়।
সেটা ২০০৬ সালের কথা। তবে তার এক যুগেরও বেশি সময় আগে থেকে জেমসের দাপুটে বিচরণ বাংলাদেশের সংগীতাঙ্গনে। বলিউড মাতালেও বাংলাদেশি চলচ্চিত্রে ২০০৬ সাল পর্যন্ত প্লেব্যাক করেননি জেমস। কিন্তু তাঁর গান ‘মীরাবাই’ ও ‘মা’ ব্যবহার করা হয় দুটি ছবিতে, আর তা জেমসের অনুমতি ছাড়াই। এ নিয়ে জেমসের কিছুটা অভিমান ছিল। সেই অভিমানের পর্দা ওঠে ২০০৭ সালে মান্না প্রযোজিত মনের সাথে যুদ্ধ ছবি দিয়ে। শোনা গেল জেমসের কণ্ঠে কবির বকুলের লেখা এবং ইমন সাহার সুর ও সংগীতে ‘আসবার কালে আসলাম একা’ গানটি। প্রথম প্লেব্যাকেই বাজিমাত করেন জনপ্রিয় এই ব্যান্ডতারকা। মনের সাথে যুদ্ধ ছবির ওই গানে প্রথমবারের মতো তাঁর পর্দা উপস্থিতিও ছিল আলোচিত। মনের সাথে যুদ্ধ ছবির পর জেমস গাইলেন আলাউদ্দীন আলীর সুরে মাটির ঠিকানা ছবিতে। তারপর আবার বিরতি। ২০১৪ সালে হাসিবুর রেজা কল্লোলের সত্তা ছবিতে বাপ্পা মুজমদারের সুর ও সংগীতে গান করেন জেমস। এরপর অবশ্য বাংলা চলচ্চিত্রে প্রায় নিয়মিতই গান করছেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে কয়েকটি ছবিতে গান গেয়েছেন জেমস। সব কটি গানই শ্রোতাদের মন জয় করেছে। জেমস ঢাকার পাশাপাশি মুম্বাইয়ে কাজ করেছেন। ঢাকা আর বলিউডের ছবির গানের মাঝে গুণগত কোন পরিবর্তনগুলো চোখে পড়েছে তাঁর। কিছুক্ষণ ভাবার অবকাশ নিলেন জেমস। এরপর বললেন, ‘বলিউডে আয়োজনটা অনেক বড়। তারা খুব পেশাদার। কারিগরি দিকে তারা হলিউড কিংবা পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সমৃদ্ধ করেছে। ওখানে গানের সুর করছেন একজন, কিন্তু সংগীতায়োজনের কাজ করছেন কয়েকজন। আমি তো সংগীতায়োজন করতে আটজনকে দেখেছি। যে কাজে যে দক্ষ, তাঁকে দিয়েই সেই কাজ করানো হচ্ছে। ঢাকায় যিনি সুর করছেন, তিনিই সংগীতায়োজন করছেন। এটা তো খুবই কঠিন আর ভুল সিদ্ধান্ত। ওখানে ছবির গানকে যেভাবে প্রচার করা হয়, এর জন্য ওদের যে বাজেট, তা এখানে কেউ ভাবতেই পারবেন না। আমাদের এখানে সঠিক প্রচারণার অভাবে অনেক ভালো গান হারিয়ে যায়। কেউ জানতেই পারে না।’
ইদানীং আলোকচিত্রী জেমস নামটি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। গানের মতোই তাঁর তোলা ছবিগুলো অনেকের নজর কেড়েছে। জেমস বললেন, ‘অনেক দিন ছবি তোলা হয়নি। শেষ তুলেছি কক্সবাজারে। ল্যান্ডস্কেপ আমাকে বেশি টানে। যেখানেই ঘুরতে যাই, কোনো কিছু চোখে আটকে গেলে ক্যামেরায় বন্দী করে রাখি। পুরো ব্যাপারটি শখের বশে। হয়তো কোনো একদিন ছবিগুলো নিয়ে প্রদর্শনীও করতে পারি।’