সাত বছর পর ফিরল বিনোদিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থিয়েটারের বিনোদিনী নাটকে একক অভিনয় করেছেন শিমূল ইউসুফ l ছবি: সংগৃহীত
ঢাকা থিয়েটারের বিনোদিনী নাটকে একক অভিনয় করেছেন শিমূল ইউসুফ l ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডের বিখ্যাত মহিলা সমিতির মঞ্চে আবারও অভিনীত হলো ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনী। দর্শকের মনোযোগ মঞ্চে ধরে রেখে বিনোদিনী চরিত্রে একক অভিনয় করলেন শিমূল ইউসুফ। নাটক শেষে জানালেন, নতুন মিলনায়তন ভালো লেগেছে। তবে একটাই কথা, স্মরণিকা হিসেবে অন্তত একটি পুরোনো দেয়াল বা বেঞ্চি রেখে দেওয়া যেত।
ঢাকা থিয়েটারের প্রধান নাসির উদ্দীন ইউসুফ বললেন, ‘নতুন মঞ্চ, আলো—সবই ভালো, সাউন্ডটা ঠিক করতে হবে। একটা প্রজন্ম প্রায় ভুলতে বসেছে ঐতিহ্যবাহী এ মঞ্চটির কথা। এটা আমাদের আবেগের জায়গা, নাট্য আন্দোলনের সূতিকাগার। মানুষের স্মৃতি থেকে মুছেই গিয়েছিল প্রায়।’
নাটক শেষে আবদুস সেলিম অনূদিত বিনোদিনী নাটকের ইংরেজি সংস্করণ তুলে দেওয়া হয় অভিনেত্রী শিমূল ইউসুফের হাতে।
গত ২৮ ফেব্রুয়ারি মহিলা সমিতির মঞ্চে শুরু হয়েছে ‘ভাঙ্গা-গড়া নাট্যোৎসব’। মার্চ মাসজুড়ে এ উৎসবে মঞ্চস্থ হবে বিভিন্ন দলের নাটক। আজ সন্ধ্যা সাতটায় থাকছে পদাতিক নাট্যসংসদের (টিএসসি) নাটক কালরাত্রি।