সাত বছর পর বিজ্ঞাপনচিত্রে মিশু সাব্বির

সাত বছর পর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন এ প্রজন্মের অভিনয়শিল্পী মিশু সাব্বির। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। খুব শিগগির নতুন এই বিজ্ঞাপনচিত্রের প্রচার শুরু হবে। আর এতে নিজের উপস্থাপনটা একেবারেই অন্য রকম হবে বলে আভাস দিলেন মিশু সাব্বির।
মিশু অভিনীত নতুন এই বিজ্ঞাপনচিত্রের নির্মাতা আদনান আল রাজীব। এর আগে মিশু এই নির্মাতার ‘অ্যাট এইটিন’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করেন। নাটকটিতে মিশুর অভিনয় বেশ প্রশংসিত হয়।
নতুন বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে মিশু বলেছেন, ‘তিন দিন ধরে এই বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। এখনকার সময়ে টেলিভিশনে যে ধরনের চমৎকার কিছু বিজ্ঞাপনচিত্র আমরা দেখি, নতুনটিও ঠিক তেমনই। কাজটি করে আমার নিজেরও খুব ভালো লেগেছে। নাটকের পর বিজ্ঞাপনচিত্রে আদনানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও খুব চমৎকার। আমার বিশ্বাস, এটির প্রচারের পর সবাই খুব পছন্দ করবেন।’
এ দিকে মিশু সাব্বির বর্তমানে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন। মাহফুজ আহমেদ প্রযোজিত এই নাটকটির নির্মাতা চয়নিকা চৌধুরী। এ ছাড়া মাসুদ সেজানের ‘চলিতেছে সার্কাস’ ধারাবাহিক নাটকের শততম পর্ব থেকেও তিনি অভিনয়ে অংশ নিয়েছেন।