সাত বছর পর শমী-বিপাশা-মাহফুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাত বছর পর ছোটপর্দায় আবার দেখা যাবে শমী, বিপাশা ও মাহফুজ আহমেদ অভিনীত নাটক ‘তোমাকে ছুঁয়ে’। সাত বছর আগে ২০০৫ সালের ২৩ জানুয়ারি নাটকটি এনটিভিতে প্রথম প্রচারিত হয়। আজ রোববার রাতে আবার প্রচারিত হবে নাটকটি। ‘তোমাকে ছুঁয়ে’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘শমী, বিপাশা ও মাহফুজ—তিনজনই অনেক মেধাবী অভিনয়শিল্পী। যত দূর জানি, “তোমাকে ছুঁয়ে” নাটকের পর এই তিন তারকা আর কোনো প্রযোজনায় একসঙ্গে অভিনয় করেননি। বেশ কয়েক বছর পর আবার এই তিনজনকে টিভির পর্দায় দেখা যাবে। এনটিভির পুনঃপ্রচারের সিদ্ধান্তে এ প্রজন্মের অনেকেই নাটকটি দেখার সুযোগ পাচ্ছে। আমি খুবই খুশি এ প্রজন্মকে নাটকটি দেখাতে পারছি ভেবে।’চয়নিকা এ-ও বলেন, ‘আমার খুবই পছন্দের নাটকগুলোর একটি ‘তোমাকে ছুঁয়ে’। নাটকটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। শুনেছিলাম, মাঝে নাটকটির মাস্টার ক্যাসেটটা হারিয়ে গেছে। পরে ক্যাসেটটি খুঁজে পাওয়ার খবরে অনেক খুশি হই। এনটিভি কর্তৃপক্ষ নাটকটি আবার প্রচার করছে জেনে ভালো লাগছে।’এদিকে চয়নিকা চৌধুরী এখন ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবারের ঈদে তাঁর পরিচালনায় বেশ কয়েকটি নাটক প্রচারের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।