সাত বলিউড তারকার অজানা প্রতিভা

বলিউডের তারকাদের নিয়ে চলচ্চিত্রপ্রেমী দর্শকের আগ্রহের কোনো কমতি নেই। ভক্তরা তাঁদের প্রিয় তারকা সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই জানার চেষ্টা করেন। মূলত অভিনয়ের কল্যাণেই ভক্তদের হূদয়ে চিরস্থায়ী আসন গাড়েন বলিউডের তারকারা। তবে অভিনয়ের বাইরেও তাঁরা এমন কিছু প্রতিভার অধিকারী যা খুব কম মানুষেরই জানা আছে। সম্প্রতি বলিউডের প্রথম সারির কয়েকজন তারকার এমন সব প্রতিভার কথা জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
দক্ষ সাঁতারু, তুখোড় অশ্বারোহী, নিপুণ আঁকিয়ে সালমান

ঈশ্বর-প্রদত্ত অভিনয়দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা সালমান খান। একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে গড়েছেন বিরল নজির। তবে অভিনয়ের বাইরেও তিনটি কাজে তিনি দারুণ পারদর্শী। ঘোড়া চালানোয় অসম্ভব পারদর্শী সালমান খান। পাশাপাশি প্রতিভাবান একজন সাঁতারু তিনি। স্কুল জীবনে তিনি সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এমনকি সাঁতারু হিসেবে দেশের বাইরে ভারতের প্রতিনিধিত্ব করারও সুযোগ এসেছিল তাঁর। এ ছাড়া সালমানের ছবি আঁকার হাতও বেশ ভালো। বিয়িং হিউম্যান দাতব্য প্রতিষ্ঠানের ব্যানারে আঁকা ছবির এক প্রদর্শনীর আয়োজন করেছিলেন সালমান। নিজের আঁকা ছবি তিনি দেখিয়েছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনকে। সালমানের আঁকা ছবির প্রশংসা করেছিলেন ফিদা হুসেনের মতো গুণী শিল্পী। ছবির শুটিংয়ের পর অবসর পেলেই রং-তুলি নিয়ে বসে পড়েন সালমান। একবার টিভিতে ‘দশ কা দম’ অনুষ্ঠানে রণবীর কাপুরকে নিজের আঁকা একটি ছবি উপহার দেন তিনি। উপহারের মোড়ক খুলতেই অবাক রণবীর, ছবিটি যে তাঁর দাদু রাজ কাপুরের!
আঁকিয়ে শ্রীদেবী
সালমান খানের মতো ছবি আঁকায় পটু বলিউডের অভিনেত্রী শ্রীদেবী।

২০১০ সালে তাঁর আঁকা ‘থটস’ শিরোনামের চিত্রকর্ম নিলামে তুলতে চেয়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পকর্ম নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স অকশন। এ ছাড়া, ‘দশ কা দম’ টিভি অনুষ্ঠানে নিজের আঁকা কয়েকটি ছবি নিয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এক সময়ের পর্দা কাঁপানো এ তারকা অভিনেত্রী।
দক্ষ মিমিক বিদ্যা বালান
বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান নিজের অসাধারণ অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন তাঁর অভিনীত সব ছবিতেই। গত বছর ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে সুনিপুণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ঝুলিতে ভরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে অনেকই হয়তো জানেন না, মানুষের নকল করে দেখাতে বা মিমিক করতে ওস্তাদ বিদ্যা। হিন্দি চলচ্চিত্রের প্রায় সব জনপ্রিয় তারকার হুবহু নকল করতে পারেন তিনি। একবার একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রবীণ বলিউডের অভিনেতা জীবনকে মিমিক করে দেখিয়ে এই অজানা প্রতিভার জানান দিয়েছিলেন বিদ্যা বালান।
শেফ অক্ষয় কুমার ফটোগ্রাফি আর মার্শাল আর্টেও সেরা
বলিউডে যাত্রা শুরুর আগে মার্শাল আর্টের প্রশিক্ষক ছিলেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার। শুধু তাই নয়, রান্নায়ও দারুণ পারদর্শী এ তারকা অভিনেতা। বিস্ময়কর তথ্য হলো, তিনি একটা সময়ে হোটেলের শেফ বা বাবুর্চি ছিলেন। পাশাপাশি ফটোগ্রাফিতেও দারুণ আগ্রহ রয়েছে অক্ষয়ের।
রাঁধুনি কঙ্গনা
অক্ষয় কুমারের মতো ‘গ্যাংস্টার’খ্যাত বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতও রান্নায় দারুণ পারদর্শী। মুক্তি প্রতীক্ষিত ‘কুইন’ ছবির শুটিংয়ের কাজে ছবির দলের সদস্যদের সঙ্গে এক মাসেরও বেশি সময় প্যারিসে থাকতে হয়েছিল কঙ্গনাকে। ভারতীয় খাবার না পেয়ে পিজা আর পাস্তা খেতে খেতে সবাই বেশ হাঁপিয়ে উঠেছিলেন। তখন কঙ্গনা রান্নায় তাঁর কারিশমা দেখিয়ে সবাইকে হতবাক করে দেন। ছবির দলের সবাইকে সুস্বাদু ভারতীয় খাবার রান্না করে খাওয়ান তিনি।
গীতিকার-লেখক-গায়ক ফারহান আখতার
এরই মধ্যে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন শাবানা আজমি ও জাভেদ আখতারের যোগ্য সন্তান ফারহান আখতার। কেবল নির্মাতা হিসেবেই নিজেকে প্রমাণ করেননি, কয়েকটি ছবিতে সাবলীল অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ফারহান। বাবার মতো লেখালেখির গুণটাও পেয়েছেন তিনি। ছবির চিত্রনাট্য লেখার পাশাপাশি লিখেছেন গান। শুধু তাই নয়, গান গাইতেও পারদর্শী ফারহান।
গিটারিস্ট সাইফ আলী খান
অভিনয়ের দারুণ ব্যস্ততার মাঝেও পতৌদির নবাব হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফ আলী খান। অভিনয়ের পাশাপাশি চমত্কার গিটার বাজাতে পারেন এ তারকা অভিনেতা। তাঁর এ গুণের কথা কম-বেশি অনেকেই জানেন। এখন পর্যন্ত বহু কনসার্টে গিটারে ঝংকার তুলতে দেখা গেছে তাঁকে।