সাত সুন্দরীর মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপালি, টয়া, মাশইয়াত, রমা, রাখি, মৌসুমী, নিশা—গত মঙ্গলবার পর্যন্ত ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১০’ প্রতিযোগিতায় টিকে ছিলেন এই সাতজন। গতকাল বাদ পড়েছেন দুজন (দীপালি ও রমা)। তার আগেই আনন্দ আড্ডায় বসেছিলেন সাত সুন্দরী।বিশাল একটা আয়না দেয়ালজুড়ে। এর কল্যাণে একে আয়নাঘর বললেও ভুল হবে না। মাশইয়াতকে অন্য কোথাও খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত পাওয়া গেল এই আয়নাঘরেই। পেছন থেকে কয়েকবার ডেকেও তেমন একটা সাড়া পাওয়া গেল না ওঁর। টয়ার কাছে জানা গেল মাশইয়াতের আয়নাপ্রীতির গল্প। সারা দিন আয়নার সামনে বসে থাকেন মেয়েটি। বিড়ালের মতো পা টিপে টিপে বাকি ছয়জন এসে দাঁড়ালেন ওঁর পেছনে। ‘আয়না, বলো তো কে বেশি সুন্দরী’—এমন প্রশ্নে সমস্বরে সবাই বলে উঠলেন, ‘আমি...!’ হবেনই বা না কেন, কত কত সুন্দরীকে হারিয়ে যে ওঁরা এ পর্যন্ত এসেছেন। নিশাকে দিয়েই শুরু করা যাক। পুরো নাম মেহরিন ইসলাম নিশা। পাহাড়ঘেরা চট্টগ্রামের মেয়ে। নিজেকে তিনি খুব আত্মনির্ভরশীল মনে করেন। নিশার রূপের কথা বলতে গেলে ওঁর নামের আগে ‘সুকেশী’ শব্দটা যোগ করা ভালো। এবারের সেরা সাত সুন্দরীর মধ্যে সবচেয়ে লম্বা চুলের অধিকারী নিশা। ‘রাঙামাটির পাহাড়ে দুপুরবেলা আহা রে’ গাইতে গাইতে বেড়ে ওঠা টয়া—মুমতাহিনা চৌধুরী টয়া। নিজেকে খুব সুন্দরী দাবি না করলেও কাজের প্রতি ওঁর অসীম আগ্রহ। হাসতে খুব পছন্দ করেন। নিজের হাসির অনুরাগী নিজেই। মাশইয়াত তাসনিম রহমান। আয়নাপাগল মেয়েটি কিন্তু কঠোর পরিশ্রমী। নিয়মের মধ্যে থেকে বড় হয়েছেন ছোটবেলা থেকেই। ছোট্ট চুলের বেশ সুন্দরী মাশইয়াত। ছাই রঙের চোখের মেয়েটি উত্তরবঙ্গের একমাত্র প্রতিযোগী, যদিও তিনি ঢাকায় বড় হয়েছেন। মৌসুমী হামিদ। কোঁকড়া চুলের ভুবনভোলানো আমাদের মৌসুমী খুলনার মেয়ে। পাঁচ ফুট নয় ইঞ্চি—এবারের আসরে তার উচ্চতা সবচেয়ে বেশি। ওঁর সম্পর্কে সবার অভিমত, খুব সুন্দর আবেগের (এক্সপ্রেশন) প্রকাশ তার। আয়নায় নিজের চোখ দুটো দেখতে ভীষণ ভালো লাগে মৌসুমীর।সিলেটের আলো ছড়ানো দীপালি দেব। ক্যাম্পের সবাই ওঁকে ‘ভালো মেয়ে’ বলে ডাকেন। দীপালি গানও গান চমৎকার। ওঁর কাছে মজা করে কবিতা শুনতে চেয়ে অবাক হলাম আরও। কবিতা আবৃত্তি করেন অসাধারণ।গাজীপুরের মেয়ে রমা সাহা। ভেজা চুলের জ্যোতি ছড়িয়ে চুপচাপ বসে থাকা মেয়েটি মোটেও সাধারণ নন। দুষ্টু আর গল্পবাজ হিসেবে বেশ খ্যাতি ওঁর। শখ থেকেই আসা এ প্রতিযোগিতায়। তবে এখন মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে চান তিনি। নোয়াখালীর সুন্দরী মাহবুবা ইসলাম রাখিকে কোথায় রাখি, তা-ই নিয়ে চলল হাসিঠাট্টা। খুব শান্ত ও ইতিবাচক চরিত্রের মেয়ে রাখি। চুলে একটু রঙের ছোঁয়া ছিল ওঁর। তা থেকে ছড়াচ্ছিল দ্যুতি। মন থেকে চাইলে সবই পাওয়া যায়—এমনটাই বিশ্বাস করেন তিনি। রমা, রাখি, মৌসুমী, নিশা, দীপালি, মাশইয়াত, টয়া—সবার সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার এক ফাঁকে জানতে চেয়েছিলাম রূপের রহস্য কী। সবাই একসঙ্গে বেশ মজা করে বলে ওঠেন—লাক্স। ওঁরা সাতজনই এখন সেরা সুন্দরী হওয়ার স্বপ্নে বিভোর। তবে হ্যাঁ, শুধু বাইরের সৌন্দর্য নয়, সাতজনই মানুষ হিসেবে অন্তর থেকে সুন্দর মানুষ হওয়ারও স্বপ্ন দেখেন।