সাতঘাটের কানাকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের ছবিটি থিয়েটারের সাতঘাটের কানাকড়ি নাটকের। নাটকটির রচনা ও নির্দেশনা মমতাজউদদীন আহমদ আর সেট ও আলোক পরিকল্পনা করেছেন অধ্যাপক জামিল আহমেদ। নাটকটির ছবিতে রেজাউল ইকরাম রাজুর সঙ্গে দেখা যাচ্ছে আফরোজা বানু ও নরেশ ভূঁইয়াকে। এখানে আফরোজা বানু মা আর নরেশ ভূঁইয়া সাত ভাইয়ের বড় ভাই। রেজাউল ইকরাম রাজুও আরেক ভাই। ছবিটি নিয়ে রাজু বলেন, ‘এখানে আমি একজন বিপ্লবী ছাত্রনেতা। একটা সময় স্বৈরশাসকের সঙ্গে হাত মিলিয়ে রাষ্ট্রের যন্ত্রে পরিণত হই। বিষয়টি মা মেনে নিতে পারছেন না। আমাকে ভর্ৎসনা করছেন। বড় ভাই নরেশ ভূঁইয়া মাকে থামানোর চেষ্টা করছেন।’ রাজু বললেন, ‘এটি মূলত স্বৈরশাসক এরশাদবিরোধী নাটক। মহড়ার দিনগুলোতে আমরা খুবই আতঙ্কে থাকতাম। সবার ধারণা ছিল, মঞ্চে আসার সঙ্গে সঙ্গে এরশাদ সরকার নাটকটির প্রদর্শনী বন্ধ করে দেবে। মহড়াগুলোও খুব সাবধানে করতাম।প্রায় দুই মাস টানা মহড়া করার পর নাটকটি মঞ্চে এল। প্রথম প্রদর্শনী থেকেই নাটকটি সাড়া ফেলেছিল। অনেকেই অস্ট্রেলিয়া, সুইডেন থেকে এসেও নাটকটির প্রদর্শনী দেখেছেন।’নাটকটি নিয়ে মজার অভিজ্ঞতার কথাও তিনি বলেন, ‘এরশাদ সরকারের বিরোধী এই নাটকটি দেখার জন্য মহিলা সমিতির প্রধান ফটক দর্শকেরা ভেঙে ফেলছে। প্রতিটি প্রদর্শনীতেই দলে দলে দর্শক আসছে। নাটকটির জনপ্রিয়তা তুঙ্গে। বিভিন্ন মাধ্যম থেকে আমরা সন্দেহ করছিলাম, এরশাদ নাটকটির প্রদর্শনী বন্ধ করে দেবেন। দলের সবার পরামর্শে নাটকটি দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেখানো হলো। তখন দুই নেত্রী এরশাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের দুজনকে দেখানোর উদ্দেশ্য হলো, এরশাদ সাহেব যাতে সহজে নাটকটির প্রদর্শনী বন্ধ করতে না পারেন।’ সাতঘাটের কানাকড়ি নাটকটি প্রথম মঞ্চে আসে আশির দশকের শুরুর দিকে। প্রথম মঞ্চায়ন হয় নাটক সরণির মহিলা সমিতি মঞ্চে। এ পর্যন্ত নাটকটির প্রায় ২৫০টির বেশি প্রদর্শনী হয়েছে। নিয়মিত না হলেও এখনো মাঝেমধ্যে বিশেষ বিশেষ দিনে নাটকটির প্রদর্শনী হয়।