সাতজন থেকে একজন

দেশের অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে এখন টিকে আছেন সাতজন। এই সাতজনই লড়বেন গ্র্যান্ড ফিনালের আসরে। তারপর সেরা হওয়ার দৌড়ে বিজয়ী হবেন একজন। এখন এমন অবস্থায় আছে ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’-এর তৃতীয় সিজন। আর গ্র্যান্ড ফিনালের আসর বসবে আগামী শুক্রবার; সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
নৃত্যশিল্পী অন্বেষণে চ্যানেল আইয়ের রিয়্যালিটি শো ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ শুরু হয় গত বছর, আর শেষ হচ্ছে ১৩ মে।
সর্বশেষ টিকে থাকা সেরা সাত প্রতিযোগী হলেন রংপুরের অন্তরা, মুন্সিগঞ্জের সিনথিয়া ও হৃদি, জামালপুরের লোটাস, টাঙ্গাইলের রিয়া, রংপুরের শোভা আর নোয়াখালীর মিতি।
চ্যানেল আই থেকে জানানো হয়, কিছুদিন ধরে দেশ সেরা নৃত্যশিল্পীদের কাছে গ্রুমিং করছেন তাঁরা। বিভিন্ন কোরিওগ্রাফারের কাছে শিখছেন এই নৃত্যশিল্পীরা।
এবার প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে আছেন নৃত্যশিল্পী মুনমুন, চিত্রনায়ক ফেরদৌস এবং অভিনয়শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মিম চৌধুরী। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।