সাথীর পাশে নবীন-প্রবীণ শিল্পীরা
পৃথিবীজুড়ে অসুন্দরের বিপক্ষে সুন্দরের পক্ষে শিল্পীরা প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত। এ যুদ্ধে শরিক নবীন শিল্পী মাসুদা আহমেদ সাথী। যিনি ক্যানভাসে রঙিন স্বপ্ন আঁকেন। সেখানে বুনে দেন বর্ণিল জীবনের টুকরো টুকরো গল্প। ক্যানভাসের সঙ্গেই যার গভীর প্রেম ও প্রীতির বন্ধন। এ শিল্পীই এখন যুদ্ধ করছেন ঘাতক ব্যাধি ক্যানসারের সঙ্গে।
না চিত্রশিল্পী সাথীকে হারাতে চান না কেউ। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে এই শিল্পী হতাশার অন্ধকারে ধুঁকছেন। সেই অন্ধকারকে পদদলিত করে তাঁকে আলোয় নিয়ে আসতে প্রতিজ্ঞা করেছেন শুভার্থীরা। আর সে জন্যই দৃক গ্যালারিতে আয়োজন করা হয়েছে তাঁর চিকিৎসা সহায়তার জন্য প্রদর্শনী ‘ছন্দিত বর্ণের নিভৃত কথন’। কাল শুক্রবার ধানমন্ডির দৃক গ্যালারিতে (বাড়ি-৫৪, রোড-১৫ /এ) বিকেল পাঁচটায় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
আজ বিকেলে দৃক গ্যালারিতে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন প্রদর্শনীর প্রধান সমন্বয়ক জাহিদ মুস্তাফা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী সুনীল কুমার, শিশির মল্লিক, মেহেদী হাসান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ দিনের এই প্রদর্শনী সাজানো দেশসেরা চিত্রশিল্পী ছাড়াও নবীন শিল্পীদের চিত্রকর্ম স্থান পাবে। এই প্রদর্শনীর শিল্পকর্মের বিক্রয়লব্দ অর্থ শিল্পী মাসুদা আকতার সাথীর চিকিৎসার্থে ব্যয় করা হবে।
বর্তমানে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাসুদা আহমেদ। তাঁর বিশাল চিকিৎসাব্যয়ে সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে সবার উপস্থিতি ও সহায়তা চান আয়োজকেরা।