৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডের ‘অস্কার সো হোয়াইট’ বিতর্কের পর যেন একটু নড়েচড়েই বসেছে একাডেমি কর্তৃপক্ষ। এর প্রমাণ পাওয়া গেছে এবারের মনোনয়ন তালিকায়। অভিনয়ের প্রতিটি বিভাগেই সাদা চামড়ার শিল্পীদের পাশাপাশি কৃষ্ণবর্ণের শিল্পীদেরও সমান প্রাধান্য দেওয়া হয়েছে। যেন অস্কারকে সাদা আর কালোর বৈষম্য থেকে বের করে আনার আপ্রাণ চেষ্টা এটা। অস্কার এবার কীভাবে সাদা আর কালোয় মিলে ধূসর হলো, তা আজ জেনে নিই।

* ৮৯ বছরের অস্কার ইতিহাসে এবারই প্রথম অভিনয়সংক্রান্ত চারটি বিভাগেই (সেরা অভিনেতা, অভিনেত্রী, সহ-অভিনেতা, সহ-অভিনেত্রী) শ্বেতাঙ্গদের পাশাপাশি অন্তত একজন করে হলেও কৃষ্ণাঙ্গ শিল্পী মনোনয়ন পেয়েছেন।
* ভায়োলা ডেভিস একমাত্র কৃষ্ণবর্ণের অভিনেত্রী, যিনি তিনবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। এবার তিনি মনোনীত হয়েছেন সেরা সহ-অভিনেত্রী বিভাগে ফেন্সেস ছবির জন্য।
* অক্টোভিয়া স্পেনসার হলেন সেই কৃষ্ণবর্ণের অভিনেত্রী, যিনি ২০১২ সালে সেরা সহ-অভিনেত্রীর অস্কার জয়ের পর এবারও একই বিভাগে হিডেন ফিগার্স ছবির জন্য মনোনীত হয়েছেন। এই রেকর্ড আর কোনো কৃষ্ণবর্ণের অভিনেত্রীর নেই।
* এবার নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন অভিনেতা ডেনজেন ওয়াশিংটন। ফেন্সেস ছবির জন্য তিনি যদি জিতে যান সেরা অভিনেতার অস্কার, তাহলে প্রথম কৃষ্ণবর্ণের শিল্পী হিসেবে ডেনজেল তিনটি অস্কার জয়ের গৌরব অর্জন করবেন। এর আগে মেরিল স্ট্রিপ, ডেনিয়েল ডে লুইস, জ্যাক নিকোলসনসহ মাত্র পাঁচজন শিল্পী জিতেছেন সর্বোচ্চ তিনটি অস্কার। আর ক্যাথরিন হেপবার্নের কাছে আছে সর্বোচ্চ অস্কার (চারটি) জেতার রেকর্ড।
* কৃষ্ণবর্ণের অভিনেতা হিসেবে ডেনজেল ওয়াশিংটনের কাছে আছে আরেকটি রেকর্ড। কালো অভিনেতাদের মধ্যে তিনি এ পর্যন্ত সবচেয়ে বেশিবার (সাতবার) মনোনয়ন পেয়েছেন।

* এবারের অস্কারে সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে মনোনয়ন পেয়েছেন কৃষ্ণবর্ণের তিন চিত্রনাট্যকার। বেরি জেনকিনস ও ট্যারেল অ্যালভিন ম্যাকক্রানে মুনলাইট ছবির জন্য এবং আগস্ট উইলসন (মরণোত্তর) মনোনয়ন পেয়েছেন ফেন্সেস ছবির জন্য। এর আগে ১৯৭২ সালে একই বছর সর্বোচ্চ দুজন কৃষ্ণবর্ণের চিত্রনাট্যকার পেয়েছিলেন এই বিভাগে মনোনয়ন।
* সেরা ছবির বিভাগেও এ বছর সাদা-কালোয় সমতা আনার চেষ্টা রয়েছে। এবার এই বিভাগে মনোনয়ন পাওয়া তিনটি ছবিতে (ম্যানচেস্টার বাই দ্য সি, হিডেন ফিগার্স ও ফেন্সেস) সাদা বর্ণের প্রযোজকের পাশাপাশি রয়েছেন কৃষ্ণাঙ্গ প্রযোজক। এখানে শুধু ছবির মূল প্রযোজকদের কথা বলা হচ্ছে, যাঁরা সেরা ছবির বিভাগে অস্কার জয়ের পর মূর্তি বাড়ি নিয়ে যেতে পারবেন।
* ২০১৫ সালের সেলমা ছবির প্রযোজক অপরাহ উইনফ্রের পর এবারের ম্যানচেস্টার বাই দ্য সির কিম্বারলি স্টিউয়ার্ড হবেন অস্কার মনোনীত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী প্রযোজক।
* সেরা সম্পাদনা বিভাগেও রয়েছে সাদা-কালোয় ভারসাম্য আনার চেষ্টা। মুনলাইট ছবির সম্পাদক জই ম্যাকমিলন এই বিভাগে মনোনয়ন পাওয়া প্রথম কৃষ্ণবর্ণের নারী।
* এ বছর সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পাওয়া পাঁচটি তথ্যচিত্রের মধ্যে চারটির নির্মাতার গায়ের রংই কালো।
বিনোদন ডেস্ক, ই অনলাইন অবলম্বনে