সাদাকালো ছাপচিত্র কর্মশালায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালার ছবি দেখছেন শিল্পীরা
কর্মশালার ছবি দেখছেন শিল্পীরা

চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগে ঢুকে দেখা গেল মহা তোড়জোড়। তিনটি ক্লাসরুমে ব্যস্ত একদল শিল্পী। কেউ খোদাই করা কাঠে কালো রং লাগাচ্ছেন, কেউবা সেগুলো থেকে মেশিনে ছাপাচ্ছেন ছবি, আবার কেউ ছবি শুকাতে ব্যস্ত। কেউ কেউ ছবি দেখাচ্ছেন শিল্পী রতন মজুমদারকে। তিনি একবার বলে উঠলেন, ‘এ কী! একেকটার একেক রকম প্রিন্ট হচ্ছে কেন!’

শিল্পীদের এমন ব্যস্ততা একটি কর্মশালাকে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগ ও গ্যালারি কায়া আয়োজিত সাদাকালো ছাপচিত্র নিয়ে এ কর্মশালাটি পরিচালনা করেছেন রতন মজুমদার। নাম ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। শুরু হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি, শেষ হলো গতকাল।
রতন মজুমদার যখন ছাপাই ছবিগুলোর গুণমান সম্পর্কে বলছেন, তখন ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান মো. আনিসুজ্জামান এসে জানান দিলেন, যত খুশি প্রিন্ট নেওয়া যাবে না। কারণ, আর্ট পেপারের স্বল্পতা। প্রত্যেককে সাতটি করে প্রিন্ট নিতে হবে। এর মধ্যে কায়া তিনটি, বিভাগ দুটি ও শিল্পী দুটি ছবি নেবেন। এরপর খোদাই করা কাঠের প্লেটটি ধ্বংস করে দেওয়া হবে।
আনিসুজ্জামান বললেন, এখন ছাপচিত্রে সাদাকালোতে তেমন কাজ হয় না। শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ ও পটুয়া কামরুল হাসানের পরে সাদাকালো ছাপচিত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন রতন মজুমদার। আর সাদাকালো ছাপচিত্র নিয়ে শিল্পী রতন মজুমদার বললেন, সাদাকালোতেও রং আছে—কল্পনার রং। কল্পনায় যে কেউ ছবির ক্যানভাস রাঙিয়ে নিতে পারেন, এই স্বাধীনতা আছে এখানে।
কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আছেন আটজন, শিক্ষক আছেন তিনজন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে দুজন করে আটজন শিক্ষার্থী এসেছেন। মোট ১৯ জন। তাঁরা হলেন অস্মিতা আলম, জয়া শাহরিন হক, নাজির হোসেন খান, চয়ন বিশ্বাস, দিদারুল হোসেন, ফাহমিদা আক্তার, ফয়সাল আবীর, মনিকা রেনেট, আফি আজাদ, আশরাফুল আলম, আল আমিন ইসলাম, আরিফুল ইসলাম, ফাহাদ উদ্দিন, কাওসার শিকদার, মিজানুর রহমান, মশিউর রহমান, রফিকুল ইসলাম, পলাশ শেখ, সুমন সূত্রধর।
কথা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কাওসার শিকদারের সঙ্গে। বললেন, এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। সবাই খুব বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে। এ কয়দিন সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত কর্মশালা করেছেন তাঁরা। তাঁদের গুরু রতন মজুমদারও বললেন, বেশ আগ্রহ দিয়ে কাজ করেছে শিল্পীরা। এ কাজে আরও মনোনিবেশ করলে ভবিষ্যতে তাঁরা আরও ভালো কাজ করবেন।