সাদাকো সাসাকি স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪৫ সালের কথা। তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আগস্টের ৬ তারিখে জাপানে ঘটে যায় বিশ্বের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা। পুড়ে ছাই হয়ে যায় হিরোশিমা নগর। পারমাণবিক বোমা হামলার সময় সাদাকো সাসাকি ছিলেন শিশু। পরে সেই বোমার তেজস্ক্রিয়তায় ১৯৫৫ সালে কিশোরী অবস্থায় সাদাকো লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। মুক্তিযুদ্ধ জাদুঘর গতকাল শনিবার হিরোশিমা দিবস ও সাদাকো সাসাকি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী। লিউকেমিয়া রোগ হিরোশিমাবাসীর অনেকের মধ্যে দেখা গিয়েছিল। একে তখন বলা হতো ‘আণবিক বোমাজনিত পীড়া’। হাসপাতালের বিছানায় শুয়ে লোককাহিনি অনুসারে এক স্রষ্টাকে উদ্দেশ করে এক হাজার সারস পাখি তৈরি শুরু করেছিল সাদাকো। কিন্তু ৬৪৪টি পাখি বানানোর পর মারা যায় সে। সাদাকোর মৃত্যু তার সহপাঠীদের আলোড়িত করে। তারা জাপানের লোককাহিনি অনুসারে সাদাকোর স্মরণে হাজারটা সাদা কাগজের সারস পাখি তৈরি করে। জাপানের সব স্কুলের শিক্ষার্থী অর্থ সংগ্রহ করে তার স্মরণে নির্মাণ করে যুদ্ধবিরোধী ভাস্কর্য। মুক্তিযুদ্ধ জাদুঘরের অনুষ্ঠান প্রাঙ্গণও সাজানো হয়েছিল সাদা কাগজে তৈরি এক হাজার সারস পাখি দিয়ে। অনুষ্ঠানে সাদাকো সাসাকির এ কাহিনি পাঠ করে শোনানো হয়।সারওয়ার আলী তাঁর স্বাগত বক্তব্যে বলেন, পৃথিবী থেকে পারমাণবিক অস্ত্র নির্মূল করা হোক। এর পেছনে অর্থ ব্যয় না করে ওই অর্থ দরিদ্র দেশগুলোতে শিক্ষা খাতে ব্যয় করার দাবি জানান তিনি। বাংলাদেশে জাপানের দূতাবাসের প্রথম সচিব রিওজি সুগে হিরোশিমা দিবস পালনের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে যেন ওই ধরনের ধ্বংসযজ্ঞ না হয়।স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’নাট্য সংগঠন স্বপ্নদল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে বৃহস্পতিবার হিরোশিমা দিবস উপলক্ষে একাডেমীর পরীক্ষণ থিয়েটারে ত্রিংশ শতাব্দী নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকে নাট্যকার হিরোশিমা-নাগাসাকির আণবিক বিস্ফোরণের ঘটনাকে তুলে ধরেছেন। সেই সঙ্গে নাট্যকার যোগসূত্র স্থাপন করেছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন যুদ্ধ, আফগানিস্তানের ওপর বৈরিতা, পাকিস্তান-ভারত দ্বন্দ্ব, ইরাক আগ্রাসন প্রভৃতি প্রসঙ্গে। বিকেলে পরীক্ষণ থিয়েটারের লবিতে অনুষ্ঠিত হয় হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-চলচ্চিত্র প্রদর্শনী। ৬ আগস্ট হিরোশিমা দিবস। শবে কদর ও ঈদুল ফিতরের কারণে দিবসটি আগে পালন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।ঈদ বই উৎসবঈদে নতুন কাপড় কেনার বাজেট থেকে অর্থ সাশ্রয় করে বই কিনেও আনন্দ পায় কেউ কেউ। এবার ঈদ সামনে রেখে ‘বই হোক ঈদ আনন্দের সঙ্গী’ স্লোগানে রাজধানীর তিনটি স্থানে চলছে বই উৎসব। উৎসব কেন্দ্রগুলো হলো বসুন্ধরা সিটির লেভেল-৫-এর ক্লাউড বিডি, শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনী ও কাঁটাবন মার্কেটের কনকর্ড এম্পারিয়ামের গদ্যপদ্য।দেশের প্রথম সারির ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠানের বাছাই করা ও নির্বাচিত ৮০০ বই নিয়ে সাজানো হয়েছে এ উৎসব। গল্প-উপন্যাস ও কবিতার পাশাপাশি মুক্তিযুদ্ধ, রাজনীতি-অর্থনীতি, সাহিত্য-সংস্কৃতি, গবেষণা, প্রবন্ধ, নাটক-চলচ্চিত্র, ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন ধরনের গ্রন্থ স্থান পেয়েছে এ উৎসবে।মেলা চলবে ৮ আগস্ট পর্যন্ত। মেলায় ৩০ শতাংশ কমিশনে বই পাওয়া যাবে।