সাদামাটা গল্পে 'ক্লাইম্যাক্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত শারমীন
নুসরাত শারমীন

এ গল্পে একটি ছোট্ট ক্লাইম্যাক্স আছে। সেই ক্লাইম্যাক্সের খবর জানতে চলুন ফিরে যাই ২০০৭ সালে। পাবনার মেয়ে নুসরাত শারমীন তখন সবে উচ্চ মাধ্যমিক পাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির সুযোগ পেয়েছেন দুটি বিশ্ববিদ্যালয়ে—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে, অন্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগে। মা-বাবা ও ভাইদের ইচ্ছা, নুসরাত নৃবিজ্ঞানে পড়ুক। আর নুসরাতের মন বলছে, আহা, যদি থিয়েটার বিষয় নিয়ে পড়া যেত!
বড় দুই ভাইয়ের বারণ অগ্রাহ্য করে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগেই ভর্তি হলেন নুসরাত। ছোটবেলায় টুকটাক গান করতেন—সম্বল মাত্র এটুকু। তবে নাটকের প্রাতিষ্ঠানিক পড়ালেখা করতে এসে দেখলেন, ব্যবহারিক ও তত্ত্বীয় মিলিয়ে এখানে সারা দিনই পড়ালেখা চলে। সেই সকালে বের হন আর ফেরেন রাতে। এর ফলে শুনতে হয় অভিভাবকদের প্রশ্ন, ‘সারা দিন কী পড়ালেখা করো? এভাবে পড়ালেখা করতে তো কাউকে দেখিনি।’
এই গল্পের ক্লাইম্যাক্সটি এখানেই—যে পারিবারিক নানা বাধা পেরিয়ে পাবনার মেয়ে নুসরাত মঞ্চের মেয়ে হয়ে উঠলেন, মঞ্চ আলো করলেন দিনে দিনে, প্রথমে অভিনয়শিল্পী তারপর নির্দেশক। এখন তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের শিক্ষক। সম্প্রতি আলোচনায় এসেছেন পদ্মাবতীর আখ্যান-এর নির্দেশনা দিয়ে। এই প্রযোজনায় ঢাকার দর্শক নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে পেয়েছে মনসামঙ্গলের কাহিনিকে। নুসরাত পদ্মাবতীর আখ্যান নির্দেশনা দিয়েছেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগে একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে।
নুসরাতের গল্পের আছে অনেক লতাপাতা। সেই প্রথম বর্ষেই সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় তিনি অভিনয় করেছিলেন সঙ-ভঙ-চঙ-এ। এই নাটকে একই সঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো সবার চোখে পড়েন তিনি, ‘আমার যা কিছু অর্জন সবই সৈয়দ জামিল আহমেদের হাত ধরে। সঙ-ভঙ-চঙ-এ অভিনয়ের মাধ্যমেই আমি প্রথম নিজেকে খুলতে শিখেছি।’ ২৩ মে প্রথম আলো কার্যালয়ে বসে নিজের জীবনের নানা কথা বলছিলেন নুসরাত। সেই কথার মধ্য দিয়ে কল্পনায় দেখা গেল কত না দৃশ্য। যেমন-টু এক্সজিকিউটার নাটকে তাঁর অভিনয় প্রসঙ্গে যখন বলছিলেন, ‘তখন মনে হচ্ছিল, হ্যাঁ, এই তো আমাদের সামনেই বসে আছেন টু এক্সজিকিউটার নাটকের সেই নারী গডমাদার।
নুসরাতের সঙ্গে কথাবার্তায় হঠাৎ তাঁর মুখে এবার সরল স্বীকারোক্তি, ‘সঙ-ভঙ-চঙ, টু এক্সজিকিউটার নাটকগুলোতে সবার প্রশংসা পাওয়ায় আমার ভেতরে এক ধরনের অহম তৈরি হয়েছিল। মনে হচ্ছিল, যে চরিত্রেই দেওয়া হোক না কেন, আমি তো ভালো অভিনয় করবই। কিন্তু হঠাৎ সেই অহম ভেঙে খানখান হলো।’
তিনি যখন তৃতীয় বর্ষে, সে সময় অভিনয় করলেন রাইডারস টু দ্য সি নাটকে। এখানে তাঁর চরিত্র ৯০ বছরের বৃদ্ধার। এ নাটকে তাঁর অভিনয় যতটা না সাবলীল ছিল, তার চেয়ে বেশি ছিল ‘মেকারিক্যাল’। চরিত্রের ভেতরে প্রবেশ করতে পারছিলেন না তিনি। কিন্তু কথাটি মানতে নুসরাত নারাজ ছিলেন তখন। কিন্তু জামিল আহমেদ যে সময় তাঁকে বললেন, ‘এ নাটকে আপনার অভিনয় ঠিকমতো হয়নি।’ ভেঙে পড়লেন তিনি, ভাঙল তাঁর অহমও। নুসরাতের কথা, ‘এখান থেকে দারুণ এক শিক্ষা পেয়েছি—যেকোনো সময় যে কেউ খারাপ করতে পারে। একটি নাটকে আপনি যদি চরিত্রের গভীরে প্রবেশ করতে না পরেন, তবে অভিনেতা হিসেবে আপনি ব্যর্থ।’
পরে তিনি অভিনয় করেছেন সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় সেলিম আল দীনের চাকা নাটকে। এতে তাঁর চরিত্রের নাম ছিল প্রৌঢ়। এরপর তাঁরা কয়েকজন মিলে গঠন করলেন নাটকের দল ‘থিয়েট্রেক্স’। এ দলের প্রথম প্রযোজনা দক্ষিণা সুন্দরীতে তাঁর অভিনয় দৃষ্টি কেড়েছে অনেকের।
নাট্যকলায় পড়ালেখা শেষে ২০১৫-তে শিক্ষক হিসেবে কাজ শুরুর পর নির্দেশক হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। পদ্মাবতীর আখ্যান ছাড়াও দিয়েছেন রক্তকরবী নাটকের নির্দেশনা। এখন অভিনয়শিল্পী না নির্দেশক, কোন পথে বয়ে যাবে তাঁর ভবিষ্যৎ? নুসরাতের জবাব, নির্দেশক বা অভিনয়শিল্পী যা-ই হোক না কেন, আমি মঞ্চের সঙ্গে থাকতে চাই।’
নুসরাতের জীবনের গল্প একদম সাদামাটা। তবে এই গল্পে আছে খানিক ক্লাইম্যাক্স। বোধ করি এই ক্লাইম্যাক্স না থাকলে নুসরাতও থাকতেন না এখানে।