সাধনা আহমেদ ৫ প্রশ্ন
ঢাকার মঞ্চে নিয়মিত নারী নাট্যকার নেই বললেই চলে। তবে হাতেগোনা দু-একজন মঞ্চের জন্য লিখছেন। সাধনা আহমেদকে সেই দলেই রাখা যায়। ইতিমধ্যে বেশ কয়েকটি নাটক লিখে ফেলেছেন তিনি। মঞ্চেও উঠেছে নাটকগুলো। সম্প্রতি নাট্যতীর্থ মঞ্চে এনেছে তাঁর লেখা ফাগুন শেষে নাটকটি। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ‘দমের মাদার’-এর পর আপনার লেখা আরও একটি নাটক ‘ফাগুন শেষে’ মঞ্চে এল। আপনার অনুভূতির কথা জানতে চাই।খুবই ভালো লাগছে। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। নাট্যকার একটি নাটক একা একা সৃষ্টি করেন। লেখার সময় কেউ তা দেখতে পারে না। যখনই মঞ্চে ওঠে, তখনই সৃষ্টির সার্থকতা খুঁজে পাই।নাটকটি কি আপনি দেখতে গিয়েছিলেন?হ্যাঁ। ২৬ মার্চ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে। আমি নাট্যশালায় নাটকটি দেখতে গিয়েছিলাম। দেখার আগে থেকেই উত্তেজনা কাজ করছিল। মঞ্চে নাট্যকার হিসেবে আপনার অভিষেক খুব বেশি দিন হয়নি। শুরুতেই মুক্তিযুদ্ধের নাটক লিখলেন। কেন?আমি বীরাঙ্গনা বলছি—অনেক আগের। বহুবার পড়েছি। যতবার পড়েছি, ততবারই নিজের মধ্যে ক্ষোভ জন্মেছে। মুক্তিযোদ্ধাদের বহু খেতাবে ভূষিত করা হয়েছে। বড় বড় জায়গায় নামকরণ হয়েছে, যদিও এটা তাঁদের প্রাপ্য, কিন্তু বীরাঙ্গনাদের অবদানও তো কম না। তাঁদের নিয়ে তেমন কিছু হয়নি। হয়নি কোনো জায়গায় নামকরণ বা খেতাব দিয়ে ভূষিত করা। এই জ্বালা থেকেই মুক্তিযুদ্ধের এই নাটকটি লেখা। আমাদের মঞ্চে নারী নাট্যকার নেই বললেই চলে...আমি প্রায় ২০ বছর ধরে থিয়েটার করি। টেলিভিশনে নাটক লিখলেও মঞ্চে এত দিন হয়নি। কিন্তু মঞ্চের মানুষ হিসেবে আমার একটা দায়িত্বও রয়ে যায়। এ ছাড়া রামেন্দু মজুমদার, লিয়াকত আলী লাকী আমাকে মঞ্চে নাটক লিখতে প্রেরণা জুগিয়েছেন।তাহলে মঞ্চে কি নিয়মিতই নাটক লিখবেন?নিয়মিতই লিখব এবং লিখতে চাই। নিজেকে আরও বেশি প্রস্তুত করার জন্য প্রতিনিয়তই এ বিষয়ে পড়াশোনা করে যাচ্ছি।