সাধারণ জ্ঞানে শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

লজ্জায় জিব কেটে এখন আর কী হবে? কথায় আছে, ‘বন্দুকের গুলি আর মুখের বুলি, একবার বেরিয়ে গেলে আর তা ফিরিয়ে নেওয়া যায় না।’ তাই এখন আর জিব কাটলে কোনো লাভ হবে না। রাগ, ক্ষোভ, আক্ষেপ কিংবা চোখের পানি দিয়েও থামানো যাবে না সমালোচকদের ‘ছি ছি’।
বলিউডে সম্প্রতি এমন ভুল করেছেন আনুশকা শর্মা। ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামের বানান ভুল টুইট করে এখন জিব কাটছেন তিনি। আবার সমালোচকদের কথায় ক্ষণে ক্ষণে রেগেও উঠছেন। তবে তাতে সমালোচকেরা তো আর থামবেন না, কমবে না আনুশকার দুঃখও।
বলিউডে আনুশকা যে শুধু একাই সাধারণ জ্ঞানের বেলায় পিছিয়ে, এমনটা নয়। এদিক থেকে তাঁকে সঙ্গ দেওয়ার মতো আছেন বলিউডে আরও অনেক তারকা। যাঁরা নিজেদের দুর্বল সাধারণ জ্ঞান দিয়ে প্রমাণ করেছেন, বলিউডে নাচ, সৌন্দর্য আর অভিনয়মেধা থাকলেই যথেষ্ট। বাকি সব গোল্লায় যাক!
সাধারণ জ্ঞানে নিজের দুর্বলতা দেখিয়ে আলিয়া ভাট একসময় পুরো ভারতেই হয়ে উঠেছিলেন হাসির পাত্র। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে আলিয়াকে প্রশ্ন করা হয়, ‘ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?’ দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চ স্বরে তিনি বলেন, ‘পৃথ্বীরাজ চৌহান।’ এরপর আলিয়াকে শুধরে দেন পাশে বসা তাঁরই বন্ধু সিদ্ধার্থ মালহোত্রা। বলে দেন, ‘জবাবটা হবে প্রণব মুখার্জি।’ তখন জিব কেটে আলিয়ার জবাব ছিল, ‘ও! দুজনের নামই তো পি দিয়ে শুরু, তাই একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম!’
কিন্তু এসব দিয়ে কি আর লোকমুখ থামানো যায়? সেখান থেকেই শুরু আলিয়াকে নিয়ে সমালোচনা। প্রশ্ন² ওঠে এই নায়িকার জ্ঞানের পরিধি নিয়ে। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় শুরু হয় হাসিঠাট্টা।
এদিকে সবাই আলিয়াকে দুষতে গিয়ে আরেকজনের ভুলকে একেবারে এড়িয়ে যায়। তিনি বরুন ধাওয়ান। একই অনুষ্ঠানে এই একই প্রশ্ন কিন্তু তাঁর দিকেও ছুড়ে দেওয়া হয়েছিল। জবাবে বরুন বলেছিলেন, ‘মনমোহন সিং!’ বরুন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর পার্থক্য ঠাওর করতে পারেননি!

আনুশকা শর্মা,সোনম কাপুর ,বরুন ধাওয়ান,ফারহান আখতার
আনুশকা শর্মা,সোনম কাপুর ,বরুন ধাওয়ান,ফারহান আখতার

‘কফি উইথ করন’ অনুষ্ঠানে আরেক পর্বের অতিথি হয়ে এসেছিলেন সোনম কাপুর। তিনিও নিজের মেধার প্রমাণ দিয়েছেন ভুল জবাব দিয়ে। সোনম বইয়ের পোকা, এমনটাই জানেন সবাই। কিন্তু সোনম সেদিন প্রমাণ করলেন, তিনি বই পড়েন ঠিকই, তবে সেগুলো ফ্যাশন আর চলচ্চিত্র নিয়ে। এই অনুষ্ঠানে সোনমকে প্রশ্ন করা হয়, ‘চোখের বদলে চোখ, পুরো পৃথিবীকে অন্ধ করে দিতে পারে। উক্তিটি কার?’ সোনম চটজলদিই বললেন, ‘রবার্ট ডি নিরো।’ কিন্তু ভারতের পাঠ্যবইয়ে স্পষ্ট করে লেখা আছে, উক্তিটি মহাত্মা গান্ধীর। সিনেমার পোকা সোনমের মাথায় তো বলিউড-হলিউড ছাড়া আর কিছুই খেলে না!
শুধু যে বলিউডের নায়িকারাই সাধারণ জ্ঞানের দিক থেকে পিছিয়ে, তা নয়। নায়কেরাও মাঝেমধ্যে নিজেদের বোকামির প্রমাণ দেন। বিচক্ষণ আর মেধাবী বলিউড তারকা হিসেবে পরিচিত ফারহান আখতার। তিনিও আনুশকার মতো ভুল করলেন। গত ২৭ জুলাই এ পি জে আবদুল কালামের মৃত্যুর পর শোক জানাতে গিয়ে শোকাহত হয়ে সাবেক এই রাষ্ট্রপতির নাম লেখেন ‘আবুল কালাম আজাদ!’ পরে এ নিয়ে সমালোচনা হলে তিনি আনুশকার মতো হুট করে চটে যাননি। ভুলের ওপর পর্দা দিতে গিয়ে বললেন, ‘দুঃখিত, আমি আসলে মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে আবদুল কালামকে মিলিয়ে ফেলেছি!’
তাই বলিউড নায়িকাদের ফারহানের কাছ থেকে এখন শিক্ষা নেওয়া উচিত। তাঁদের জানতে হবে, জ্ঞানের পরিধি বাড়াতে না পারলেও, ভুলের ওপর পর্দা দেওয়ার কায়দাটা রপ্ত করতে যেন ভুল না হয়!
টাইমস অব ইন্ডিয়া, বলিউড লাইফ ও পর্দা ফাঁস ডটকম অবলম্বনে