সাধারণ বিষয় অসাধারণ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিগুলো মন ছুঁয়ে যায়—এ কথা বেশ কয়েকজন দর্শককে বলতে শোনা গেছে। রাজধানী বাড্ডার এথেনা গ্যালারিতে গত শনিবার বিকেলে শুরু হয়েছে তরুণ এই শিল্পীর একক চিত্রকর্ম প্রদর্শনী ‘আমার সোনার দেশ’।

বিকেলে উদ্বোধনী প্রদর্শনীতে ঘরটি শিল্পানুরাগীদের উপস্থিতিতে ভরে উঠেছিল। দর্শক ঘুরে ঘুরে দেখলেন সোহাগের তুলিতে বাংলাদেশের নিসর্গ। বাংলার নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়, পাহাড় আর সমুদ্র। শিল্পী বাংলার প্রকৃতিকে নিখুঁভাবে তুলে ধরেছেন চিত্রপটে। বিষয়ভাবনার মধ্যে বাংলাদেশের রূপ-রং-গভীরতা খুঁজে পেয়েছেন সমবেত ব্যক্তিরা।
বিগত তিন বছরের কাজ নিয়ে এবারের আয়োজনটি ছিল শিল্পীর ষষ্ঠ একক চিত্র প্রদর্শনী। যেখানে রয়েছে ৭১টি চিত্রকর্ম।
খুব সাধারণ বিষয়কে অসাধারণভাবে তুলির ছোঁয়ায় মূর্ত করেছেন শিল্পী। নানা বর্ণের রঙে বেশ ফুটে উঠেছে বান্দরবানের পাহাড়ি পরিবেশ, লেক, মুরং পরিবার, রাঙামাটির শান্ত পাহাড়ের গা ঘেঁষে চলতে থাকা নদী, নদীর তীরে বেদের বহর, বেদেনীর গায়ের সাজসজ্জা। ‘চাক্তাই খাল চট্টগ্রাম’ ছবিটিতে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত চাক্তাই খালের বুকে খাতুনগঞ্জের আড়তদারের মালামাল ওঠানো-নামানোর মুহূর্ত। সব ছবিতেই সোহাগ পারভেজ বাস্তবধর্মিতা ধরে রেখেছেন। সুদূরবর্তী টেকনাফ থেকে কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলের নিসর্গের নানা নিদর্শন তাঁর এ ছবিগুলোতে বিভিন্ন রঙে কথা বলছে।
প্রদর্শনীর সমাপনী দিন ১১ সেপ্টেম্বর। প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।