সাধুরা মগ্ন পরমাত্মার খোঁজে
সাধুসঙ্গ, গোষ্ঠগান, পদাবলি, পূর্ণসেবার মধ্য দিয়ে গতকাল রোববার দোল উৎসবের মূল কার্য সম্পন্ন করেছেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে সমবেত ভক্ত-সাধুরা।
লালন মাজারের প্রধান খাদেম মোহামঞ্চদ আলী শাহের মতে, দোল পূর্ণিমার দিনেই সাঁইজির আবির্ভাব হয়েছিল ছেঁউড়িয়ায়। এ জন্যই তিনি ভক্তদের নিয়ে প্রতিবছর দোল তিথিতে সাধুসঙ্গ করতেন। তাঁর অনুসারীরা সেই ধরা অব্যাহত রেখেছেন। তাঁরা মানুষের মাঝেই পরমাত্মাকে খুঁজে বেড়াচ্ছেন।
এ খোঁজার আচার আয়োজন শুরু হয় দোল পূর্ণিমার মধ্যরাতে। শনিবার দিবাগত গভীর রাতে অধিবাসের পর সাধুরা গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়েন। রোববার সূর্যোদয়ের সময় ডুগির বোলে তাঁদের ঘুম ভাঙানো হয়। সূর্য ওঠার মুহূর্তে চাল-জল খেয়ে ভক্ত সাধুরা শুরু করেন গোষ্ঠগান। এ প্রার্থনামূলক গান চলে বেলা ওঠা পর্যন্ত।
এরপর সকাল সাড়ে আটটার দিকে পায়েস-মুড়িতে প্রাতরাশের পর তাঁরা জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক বিষয়ক পদাবলি গান শুরু করেন। বেলা দেড়টার দিকে গোসল করে পূর্ণসেবা (মাছ-ভাত-ডাল-সবজি) আর সন্ধ্যায় দৈন্যগানের মধ্য দিয়ে সাধকেরা লালন সাঁইজিকে সঞ্চরণ করে দোল উৎসবের মূল কার্যক্রম সমাপ্ত করেন। তবে দোল উৎসব উপলক্ষে আয়োজিত মেলা আর বাউলগানের আসর চলবে আরও তিন দিন। বেশির ভাগ ভক্তই এ তিন দিন আখড়াবাড়িতে অবস্থান করবেন।
এদিকে পাঁচ দিনব্যাপী লালন সঞ্চরণোৎসবের দ্বিতীয় দিন গতকাল রোববার বিভিন্ন এলাকা থেকে আসা লালনের অনুরাগী ও সাধারণ দর্শকের ভিড়ে মুখরিত ছেঁউড়িয়ার বিশাল এলাকায়। মূল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আবদুর রউফ। প্রধান আলোচক ছিলেন লালন গবেষক লালিম হক। বিকেল থেকে মঞ্চে শুরু হয় গান। সারারাত গানে গানে মুখর ছিল পরিবেশ।