সানি দেওলের সঙ্গে আইটেম গানে সানি লিওনের ‘না’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিং সাহেব দ্য গ্রেট’ ছবির একটি আইটেম গানে সানি দেওলের সঙ্গে সানি লিওনকে নিতে চেয়েছিলেন বলিউডের চলচ্চিত্রনির্মাতা অনিল শর্মা। তখন খবর রটেছিল, ছবিতে সানি লিওনকে অন্তর্ভুক্ত না করার অনুরোধ করেন সানি দেওল। সম্প্রতি জানা গেছে, পারিশ্রমিকের অঙ্ক মনমতো না হওয়াতেই আইটেম গানে অংশ নিতে রাজি হননি সানি লিওন। ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, অনিল শর্মা তাঁর পরবর্তী ছবির আইটেম গানে অংশ নিতে সানি লিওনকে ৫০ লাখ রুপির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এই অঙ্ক যথেষ্ট মনে হয়নি সানির কাছে। কারণ, অভিষেক ছবিতেই তিনি এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। আর, এখন তাঁর হাতে আছে আরও তিনটি ছবির কাজ। সব মিলিয়ে বলিউডে এখন তাঁর যথেষ্ট চাহিদা। এ ছাড়া, ওই আইটেম গানের মহড়ার জন্য অনেক বেশি সময় চাওয়া হয়েছিল সানির কাছে। কিন্তু তিনি অন্যান্য কাজের ব্যস্ততার কারণে সময় বের করতে পারছিলেন না। এসব কারণে শেষ পর্যন্ত আইটেম গানের প্রস্তাবটি ফিরিয়ে দেন সানি। সানিকে দিয়ে আইটেম গান করানোর আশা এখনো ছেড়ে দেননি নির্মাতা অনিল শর্মা। তাঁর ভাষ্য, ‘সানি লিওনের সঙ্গে আইটেম গানে অংশ নিতে সানি দেওল কোনো রকম আপত্তি তোলেননি। শুটিং শিডিউল মেলাতে সানি লিওনের একটু সমস্যা হচ্ছে। তবে তাঁকে দিয়ে আইটেম গানটি করানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’