সানি লিওন-ফেরদৌস জুটি হচ্ছেন?

কয়েক দিন ধরেই বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের বিপরীতে বলিউডের ‘জিসম টু’খ্যাত অভিনেত্রী সানি লিওনের অভিনয় নিয়ে নানা গুঞ্জন চলছে। ১০ জুন সোমবার কলকাতার শীর্ষস্থানীয় একটি দৈনিকে ‘এক ছবিতে সানি-ফেরদৌস’ শিরোনামে খবরও প্রকাশিত হয়েছে। তবে খবরটি স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ফেরদৌস।
সানি লিওনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে কলকাতা থেকে প্রথম আলো ডটকমকে ফেরদৌস বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’
বর্তমানে ‘সমাধি’ ছবির শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ফেরদৌস। এ ছবিতে আরও অভিনয় করছেন বলিউডের তিন অভিনয়শিল্পী—গোবিন্দ, গ্রেসি সিং ও সেয়ালি ভগত। ছবিটি পরিচালনা করছেন দীপক সান্যাল।
ফেরদৌস কলকাতার ‘আকর্ষণ’, ‘পরিচয়’সহ বেশ কয়েকটি ছবির শুটিং করছেন। অন্যদিকে, বাংলাদেশের ‘চার অক্ষরের ভালোবাসা’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’সহ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তাঁর অভিনীত ও প্রযোজিত ‘এক কাপ চা’ ছবিটি খুব শিগগির মুক্তি পাবে।
কলকাতার শীর্ষস্থানীয় দৈনিক ‘আনন্দবাজার’-এ প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌসকে নিয়ে নির্মাতা ইকবাল দুররানি বছর কয়েক আগে শুরু করেছিলেন বলিউডের একটি ছবি; নাম দিয়েছিলেন ‘মিট্টি’। নানা অসুবিধার কারণে ওই ছবির কাজ থমকে গেলেও হাল ছেড়ে দেননি পরিচালক। এখন পুরোনো ভাবনা নিয়েই এগোতে চাইছেন তিনি। সেই ‘মিট্টি’র জন্যই এবার ফেরদৌসের বিপরীতে সানি লিওনকে অভিনয় করানোর কথা ভাবছেন পরিচালক।
প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, সানি ও ফেরদৌসের কানে খবরটি পৌঁছার পর দুজনই কোনো ধরনের বিস্ফোরক মন্তব্য না করে আপাতত কাস্টিং পাকা হওয়ার অপেক্ষায় আছেন; বলা তো যায় না, বলিউডপাড়ায় অভিনেতা-বদল কখন কীভাবে ঘটে যায়! অনেকেই বলছেন, ‘যা রটে তার কিছুটা তো ঘটেই!’ তাই বিষয়টি গুজব না সত্যি, তা জানার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া অন্য উপায় নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে উচ্চশিক্ষা নিলেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন ফেরদৌস। চলচ্চিত্রে আসার আগে তিনি র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে তাঁর র্যাম্পে হাতেখড়ি।
প্রয়াত জননন্দিত অভিনেতা সালমান শাহের আকস্মিক মৃত্যুর কারণে ১৯৯৭ সালে তাঁর অভিনীত অসমাপ্ত একটি ছবিতে কাজ করার মাধ্যমে ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন। ছটকু আহমেদ পরিচালিত ‘বুকের ভিতর আগুন’ নামের ওই ছবির মাধ্যমেই ফেরদৌসের চলচ্চিত্রে অভিষেক ঘটে। সালমান শাহের মৃত্যুর পর ছটকু আহমেদ ছবির গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদৌসকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে ফেরদৌস আত্মপ্রকাশ করেন ‘পৃথিবী আমারে চায় না’ ছবি দিয়ে।
ফেরদৌস ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন ১৯৯৮ সালে ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘হঠাত্ বৃষ্টি’র মাধ্যমে। এরপর তিনি বাংলাদেশি ছবির পাশাপাশি বেশ কয়েকটি ভারতীয় বাংলা ছবিতে অভিনয় করেন। ‘হঠাত্ বৃষ্টি’ (১৯৯৯) ও ‘গঙ্গাযাত্রা’ (২০০৯) ছবিতে অভিনয়ের জন্য ফেরদৌসকে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করেছে বাংলাদেশ সরকার।