সানি লিওনের সঙ্গে ছবি করছি না: ফেরদৌস

‘আমি সানি লিওনের সঙ্গে কোনো ছবি করছি না। এটা সম্পূর্ণ গুজব। সানির নিজের একটা অন্য ধরনের ভাবমূর্তি রয়েছে। অনেক দর্শকেরই তাঁর কাজের ব্যাপারে ধারণা রয়েছে। আর আমি আমার নিজের ভাবমূর্তির ব্যাপারে খুবই সচেতন। আমি এমন কোনো ছবিতে অভিনয় করব না, যাতে দর্শক আহত হন।’ বললেন ফেরদৌস।
‘এক ছবিতে সানি-ফেরদৌস’ খবরটি গতকাল বুধবার সকালে ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। এরপর ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল সকালে তিনি কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। গত কয়েক দিন তিনি কলকাতায় সমাধি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। বলেন, ‘অনেকেই বিভিন্ন ছবির প্রস্তাব নিয়ে আসেন। তবে সানি লিওনের সঙ্গে কোনো ছবির প্রস্তাব আমি পাইনি। যদি কেউ এ প্রস্তাব নিয়ে আসতেন, আমি অবশ্যই তাঁকে “না” বলতাম। আর এই সংবাদটি দেওয়ার আগে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি।’
ফেরদৌস জানান, ১৬ জুন থেকে তিনি মুম্বাইয়ে রূপালী গুহ পরিচালিত পরিচয় ছবির ডাবিং করবেন। সেখান থেকে কলকাতায় ফিরে ১৮ জুন থেকে ঋতুপর্ণার সঙ্গে আকর্ষণ ছবির শুটিং করবেন।