সানির ফিরে আসা

এখন টিভিতে একটি বিজ্ঞাপনচিত্র দেখে অনেকেই অবাক হচ্ছেন। এ কোন ওমর সানী? বছর চারেক আগেও তাঁর ওজন ছিল ১২৭ কেজি। দেখতে ছিলেন বেশ মোটা। এখন একেবারেই ছিপছিপে গড়নের। ওজন কমে হয়েছে ৮৫ কেজি। ওমর সানী বললেন, ‘খাদ্যাভ্যাস তো অনেক দিন আগেই পরিবর্তন করেছি। ধূমপান ছেড়েছি। জিমে যাচ্ছি। নিয়মিত ব্যায়াম করছি। আমি দর্শকদের সামনে নতুনভাবে ফিরে আসতে চেয়েছি। এখন বলতে পারি, আমি শতভাগ সফল হয়েছি।’
এমন সাফল্যের দাবি করতেই পারেন ওমর সানী। নিজের ছিপছিপে গড়ন নিয়ে তিনি সন্তুষ্ট। বললেন, ‘আমি রাতারাতি ওজন কমাতে চাইনি। ধীরে ধীরে কমিয়েছি। যাতে অন্য কোনো শারীরিক সমস্যা না হয়।’
বিভিন্ন টিভি চ্যানেলে আরএফএল পণ্যের একটি নতুন বিজ্ঞাপনচিত্র দেখানো হচ্ছে। ওমর সানী বললেন, ‘বিজ্ঞাপনচিত্রের গল্পটি আমাকে ঘিরে। পুরোপুরি চলচ্চিত্রের আদলে তৈরি হয়েছে। এখানে নতুন কিছু যুক্ত করা হয়েছে। এর সবই কারিগরি প্রযুক্তি। আগে এই কারিগরি সুবিধার জন্য দেশের বাইরে যেতে হতো। আমরা কিন্তু পুরো কাজটা দেশেই করেছি।’
এই একটিমাত্র বিজ্ঞাপনচিত্র ওমর সানীকে আবার সবার সামনে নিয়ে এসেছে। ওমর সানী বললেন, ‘এটি আমার অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করেছে।’
নতুন বিজ্ঞাপনচিত্র নিয়ে ৫ জানুয়ারি রাতে মুঠোফোনে কথা হলো ওমর সানীর সঙ্গে। তিনি নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘আমি মুগ্ধ। আমি অভিভূত। ভালো কিছু পাব—এমন প্রত্যাশা ছিল, কিন্তু এতটা পাব, তা আশা করিনি। চলচ্চিত্রে যখন অভিনয় শুরু করেছিলাম, তখন যে জনপ্রিয়তা পেয়েছিলাম, এই বিজ্ঞাপনচিত্রটি সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।’
বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে। নির্দেশনা দিয়েছেন টিটু রহমান। চিত্রগ্রাহক নেহাল কোরাইশী। ফাইট ডিরেক্টর ছিলেন ভাতিজা চুন্নু।
আরএফএলের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন চিত্রনায়িকা মৌসুমী। ওমর সানী বললেন, ‘এই বিজ্ঞাপনচিত্রের জন্য মৌসুমীই আমার নাম প্রস্তাব করেছিলেন। আগে তো বউয়ের মুখ রক্ষা করতে হবে। পাশাপাশি নিজেকে নতুন করে উপস্থাপনের একটা তাগিদ অনেক দিন থেকেই অনুভব করছিলাম।’
অভিনয়ের পাশাপাশি ওমর সানী এখন পুরোদস্তুর একজন ব্যবসায়ী। বছর ছয়েক আগে রাজধানীর বসুন্ধরা সিটিতে ফ্যাশন হাউস চালু করেছেন। গড়েছেন নাটক ও চলচ্চিত্রের নির্মাণপ্রতিষ্ঠান স্বাধীন প্রোডাকশন।
অভিনয় প্রসঙ্গে জানালেন, এখন সাতটি ছবির কাজ করছেন তিনি। বললেন, ‘চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। আমৃত্যু এই শিল্পের সঙ্গেই থাকতে চাই। এখন আমাদের ছেলে স্বাধীন নির্মাণের সঙ্গে যুক্ত হয়েছে। তাঁকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমার বিশ্বাস, স্বাধীন আমাদের স্বপ্ন পূরণ করবে।’