সানির সঙ্গে বলিউডের ছবিতে সালমা হায়েক
বলিউডে পা রাখতে যাচ্ছেন ‘ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো’খ্যাত হলিউডের অভিনেত্রী সালমা হায়েক। পাঞ্জাবি বংশোদ্ভূত কানাডীয় মডেল ও বলিউডের অভিনেত্রী সানি লিওনের সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন তিনি। ‘গীতাঞ্জলি আই লাভ ইউ’ ছবির মাধ্যমে আবেদনময়ী এ দুই তারকাকে ক্যামেরাবন্দী করতে যাচ্ছেন নির্মাতা এম এম সতীশ। এ প্রসঙ্গে ছবিটির প্রযোজক ও পরিচালক সতীশ বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই সুন্দরীকে এক ছবিতে অন্তর্ভুক্ত করতে পেরেছি আমরা। এই প্রথম বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সালমা। ছবিটিতে দিল্লির একজন মডেলের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর ফ্যাশন ডিজাইনার চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। এই দুটি চরিত্রকে ঘিরেই পুরো ছবির কাহিনি আবর্তিত হয়েছে।’ সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সতীশ আরও বলেন, ‘থ্রিলারধর্মী ছবিটির শুটিং শুরুর প্রস্তুতি চলছে। শিগগিরই মাঠে নেমে পড়ব। দিল্লির বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্য ধারণের কাজ করা হবে। এরই মধ্যে ছবিটির চিত্রনাট্য পড়ে দারুণ পছন্দ করেছেন সানি লিওন। ফ্যাশন ডিজাইনার চরিত্রটি নিয়ে তিনি রীতিমতো উচ্ছ্বসিত।’বছর পাঁচেক আগে মডেলিং ছেড়ে দিল্লির রাস্তায় ভিক্ষা করতে দেখা যাওয়ার পর তোলপাড় উঠেছিল মডেল গীতাঞ্জলি নাগপালকে নিয়ে। ‘গীতাঞ্জলি আই লাভ ইউ’ ছবির গল্পের সঙ্গে গীতাঞ্জলি নাগপালের জীবনের গল্পের কোনো মিল আছে কি না—এমন প্রশ্নের জবাবে সতীশ বলেন, ‘মোটেও না। এই ছবিতে মডেল গীতাঞ্জলি নাগপালের জীবনের গল্প তুলে ধরছি না আমরা।’