সাপ খুঁজছেন ব্রিটনি! (ভিডিও)
তারকাদের খেয়াল বলে কথা। তার ওপর তারকাটির নাম যদি হয় ব্রিটনি স্পিয়ার্স! সেই ২০০১ সালে নিউইয়র্কের মেট্রোপলিটন অপেরা হাউসে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে ব্রিটনি বিশাল একটি আলবিনো সাপ নিয়ে ‘আই অ্যাম অ্যা স্লেভ ফর ইউ’ গানটি গেয়েছিলেন। এত দিন পরে এখন তাঁর মনে পড়েছে সাপটির কথা। যেই মনে পড়া, অমনি ইন্টারনেটে ভক্তদের কাছে সাপটির খোঁজ চেয়ে তথ্য জানতে চেয়ে বসা। কেউ কি জানেন সেই সাপটির কোনো তথ্য—সে কোথায় আছে, কেমন আছে!মজার ব্যাপার হচ্ছে, এর পর থেকে ভক্তরাও উঠেপড়ে লেগেছিল সেই সাপ মহাশয়ের সন্ধানে। ‘জাঙ্গল’ থিমে তৈরি গানটিতে ব্রিটনির সেই এক মিনিটের ‘সহতারকা’ সাপটি তারা অবশেষে খুঁজেও পেয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ব্যাং শোবিজ।২০০১ সালে গানটি গাওয়ার সময় বিশাল আলবিনো সাপটি কাঁধে ঝুলিয়ে, দুই হাতে ধরে ব্রিটনি দর্শকদের মনোরঞ্জন করেছিলেন। সাপটির কথা এত দিনে ভুলেও গিয়েছিলেন ব্রিটনি। গত ১১ বছরে সংগীতজগতে ব্রিটনি অনেক খ্যাতি আর জনপ্রিয়তা পেলেও সাপটির ভাগ্যে কী ঘটেছে তা আর জানা হয়ে ওঠেনি। যা হোক, শেষ পর্যন্ত ব্রিটনিকে হতাশ করেনি তাঁর ভক্তরা। এক ভক্ত তাঁকে সাপটির তথ্য জানিয়েছে।সাপের হদিস পাওয়ার পর ব্রিটনি টুইটারে লিখেছেন, ‘আমি শুনেছি, সাপটি এখনো বেঁচে আছে এবং সুস্থ আছে। আর তার নাম ‘ব্যানানা’। নাম শুনে আর হাসি আটকাতে পারিনি।’