সাপের সঙ্গে এক দিন

সাপের সঙ্গে পুরো এক দিন কাটিয়েছেন চাঁদনী। খেলা দেখাতে গিয়ে গোখরা সাপের কামড় খেয়েছেন। তারপরও থেমে যাননি, খেলা করে গেছেন। কারণ ওদিকে ক্যামেরা চলছে। বিষ ছবির শুটিংয়ে এমনই ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে চাঁদনীকে। যেহেতু এই সাপের বিষদাত ছিল না, তাই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি সেদিন। ঘটনাটি ঘটেছে গত মে মাসে পুবাইলে, বিষ ছবির শুটিংয়ের সময়। পরিচালনা করেছেন কিশোর মাহমুদ।
২৪ নভেম্বর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে বিষ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। পরিচালকের ভাষায়, বিষ একটি স্বাধীন চলচ্চিত্র। বেদেপল্লি আর বেদেদের জীবন নিয়ে এই ছবির গল্প। ১ ডিসেম্বর থেকে বিকল্প উপায়ে দেশের বিভিন্ন জেলা আর বিশ্ববিদ্যালয়ে ছবিটি প্রদর্শন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আবার চাঁদনীর কথা। ৩০ নভেম্বর দুপুরে কথা হলো তাঁর সঙ্গে। একটু অসুস্থ। ঠান্ডাজনিত সমস্যা। তাঁকে সঙ্গ দিচ্ছে তিনটি পোষা কুকুর—পুটলি, পার্শিয়া আর পেট্রা।
স্বামী সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গান নিয়ে তাঁর অনেক ব্যস্ততা। আবার তেমন কোনো অনুষ্ঠানে বাপ্পা আর চাঁদনীকে একসঙ্গে দেখা যায় না। চাঁদনী বললেন, ‘কাজের পরের সময়টা আমি বাসায় থাকি। সংসার করছি। বাপ্পা যখন স্টুডিও কিংবা অনুষ্ঠানে থাকে, তখন পুটলি, পার্শিয়া আর পেট্রাকে নিয়ে সময় কেটে যায়।’
এবার বিষ ছবির সেই শুটিংয়ের প্রসঙ্গ। বললেন, ‘ঘটনাটি ঘটেছে দুপুরে। সাপটির বিষদাঁত ছিল না ঠিকই, কিন্তু পরে কেমন যেন ঝিমঝিম লাগছিল। তবে চিকিৎসকের সঙ্গে কথা বলার পর নিশ্চিন্ত হয়েছি। সেদিন শট দেওয়ার জন্য আরও তিনবার সাপ নিয়ে খেলা করেছি। আসলে কাজটা করেছিলাম মনের জোরে।’
খবর পেয়ে সন্ধ্যায় বেদেপল্লির সর্দারনি এলেন চাঁদনীর সঙ্গে দেখা করতে। সঙ্গে নিয়ে এলেন কিছু উপহার।
চাঁদনীর প্রথম ছবি মোরশেদুল ইসলামের দুখাই। এরপর তিনি অভিনয় করেছেন তানভীর মোকাম্মেলের লালসালু আর তৌকীর আহমেদের জয়যাত্রা ছবিতে। এই দুটি ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চাঁদনী।
মাঝে বছর তিনেক টিভি কিংবা মঞ্চে দেখা যায়নি চাঁদনীকে। বললেন, ‘এখন আবার নিয়মিত কাজ করছি। দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। মাছরাঙা টিভিতে প্রচারিত হচ্ছে আকরাম খানের হাউস ওয়াইফ আর এটিএন বাংলায় সবুর খানের দাগ। আরও দুটি ধারাবাহিকের কাজ করেছি, মহিউদ্দিন মাসুদের মায়াবন বিহারিনী আর হীরণের টিপু সুলতান।’