ফারজানা ছবি, বেদেনির সাজে সেদিন আপনার একটি আলোকচিত্র দেখেছি।ঠিকই দেখেছেন। আমি একটি ধারাবাহিক নাটকে বেদেনির চরিত্রে অভিনয় করেছি। নাম পয়মন্ত। প্রচারিত হচ্ছে গাজী টিভিতে। বেদেনিদের তো সাপের সঙ্গে বসবাস। আমিও সাপের সঙ্গে থেকেছি। পয়মন্ত নাটকের শুটিং করেছি গাজীপুরের শিমুলতলীর পাজুলিয়া নামে একটি গ্রামে। ওখানে যে ঘরে আমি থেকেছি, সেই ঘরেই সাপের বাক্সগুলো রাখা হতো। প্রথম দিকে তো ভয়ে ঘুমাতেই পারতাম না। কয়েক দিন যেতেই ভয়টা দূর হয়ে যায়।এই নাটকে সাপ নিয়ে কী কী করেছেন?বেদে-বেদেনিরা যা যা করে—এই সাপের খেলা দেখানো, বিভিন্ন জিনিস বিক্রি করা; সবই করেছি। সাপের খেলা কীভাবে শিখেছেন?এই ধারাবাহিকে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পর আমি সাভারে বেদেনিদের এক ঝুপড়িতে গিয়েছিলাম। সেখানে বেদেনিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। কাছ থেকে তাদের কাজ আর চলাফেরা দেখেছি, সাপের খেলা শিখেছি। এই অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। আর এই নাটকে আমি যা কিছু ব্যবহার করেছি, সবকিছু তাদের কাছ থেকেই সংগ্রহ করেছি।ওই দেখাতেই হয়ে গেল?তা কেন হবে? শুটিংয়ের পুরো সময়টা আমাদের সঙ্গে তিনজন বেদেনি ছিল। তারা আমাকে সবকিছু ঠিক ঠিকভাবে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। আর আমি নিজেও চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শতভাগ চেষ্টা করেছি।নাটকটির শুটিং শেষ হয়েছে?হ্যাঁ, এই নাটকে আমার চরিত্রটির নাম কুঞ্জ। কিছু কিছু নাটকের শুটিং শেষ হওয়ার পর খুব কষ্ট হয়। কারণ, চরিত্রটির সঙ্গে আমি মিশে গিয়েছিলাম।