সাপ্তাহিকের প্রধান সম্পাদক হলেন শাওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকে নয়, বাস্তবেই একটি সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন। সাপ্তাহিক এই পত্রিকাটির নাম ‘৭১ এবং’। জানা গেছে, আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সাপ্তাহিকটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে আছেন শাওনের মা তহুরা আলী। শাওন বলেন, আমরা ‘৭১ এবং’ পত্রিকাটিকে জাতীয় সাপ্তাহিক বলছি। এর মধ্য দিয়ে সপ্তাহের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোর বিশ্লেষণ তুলে ধরা হবে। পাশাপাশি পাঠকের কথা চিন্তা করে সমসাময়িক অন্যান্য বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার সাপ্তাহিক পত্রিকা প্রকাশের বিষয়টি কতটা চ্যালেঞ্জিং বলে মনে করেন আপনি? এমন এক প্রশ্নের জবাবে শাওন বলেন, ‘আমার কাছে পত্রিকার বিষয়টিই একেবারে নতুন। তাই পুরো বিষয়টিই অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রথমদিকে পত্রিকাটি নিয়ে যখন আলোচনা হয় তখন আমি শুধু মতামত দিতাম। আমার মতামতকে প্রকাশকসহ সবাই বেশ গুরুত্বও দিতেন। তখনো আমি জানতাম না এর প্রধান সম্পাদকের দায়িত্ব আমাকে পালন করতে হবে। কিন্তু একটা পর্যায়ে প্রকাশকের ইচ্ছাতে দায়িত্বটা নিতে হয়েছে।’কেন মনে হয় আপনার এই পত্রিকাটি পাঠকপ্রিয় হবে—এমন প্রশ্নের জবাবে শাওন বলেন, ‘আমি কিন্তু প্রথমেই বলছি না ‘৭১ এবং’ পত্রিকাটি শুরুতেই অন্যরকম কিছু একটা হবে। তিন মাসের মধ্যে আমরা বুঝতে পারব পত্রিকাটি পাঠকের আস্থা কতটা অর্জন করতে পারবে। তবে পত্রিকাটির সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাঁরা সবাই মেধাবী ও বেশ পরিশ্রমী। তাই আশাবাদী যে একেবারেই নই তা কিন্তু নয়।’পত্রিকাটির নাম ‘৭১ এবং’ প্রসঙ্গে শাওন বলেছেন, আমি জেনেছি পত্রিকাটির প্রকাশকদের ‘৭১ সোসাইটি’ নামের একটি সংগঠন রয়েছে। সংগঠনটি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে। এছাড়াও জাতি হিসেবে ৭১ আমরা কখনোই ভুলতে পারব না। ৭১ এবং তার পরবর্তী সময়টা আমাদের সবার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তাই পত্রিকাটির নামও ‘৭১ এবং’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”‘৭১ এবং’ পত্রিকার সম্পাদক হিসেবে থাকছেন আবদুল আলীম।