সাফল্যের শীর্ষে ব্রুনো মার্স
পপ, রক, অল্টারনেটিভ হিপ-হপসহ জনপ্রিয় সব গান নিয়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছেন শিল্পী ব্রুনো মার্স। গান গাওয়াই নয়, গান লেখাসহ মিউজিক প্রযোজক হিসেবেও এ শিল্পী পেয়েছেন সমান খ্যাতি। ব্রুনোর ১৯ জুলাই প্রকাশিত সর্বশেষ অ্যালবাম জাস্ট দ্য ওয়ে ইউ আর অনেক দিন ধরেই রয়েছে মিউজিক টপ চার্টের প্রথম দশের তালিকায়। একাধিকবার টপ চার্টে শীর্ষে থাকার পাশাপাশি ব্রুনোর এ অ্যালবামটি বর্তমানেও বিলবোর্ড হট ১০০ এবং ইউকে সিঙ্গেল টপ চার্টের শীর্ষে রয়েছে। গানের অ্যালবামের পাশাপাশি এর মিউজিক ভিডিওর জনপ্রিয়তাও এখন তুঙ্গে। অ্যালবামের ‘জাস্ট দ্য ওয়ে ইউ আর’ গানটি জনপ্রিয়তার পাশাপাশি বর্তমানে মুঠোফোনের রিংটোন হিসেবেও ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। ‘ওহ, হার আইস, হার আইস মেইক দ্য স্টারস লুক লাইক দি আর নট সাইনিন’ গানটির এমন প্রথম লাইনেই রয়েছে বেশ চমক, যা শ্রোতাদের মন জয় করেছে দ্রুত। গানের ক্ষেত্রে আলোচিত বেশ কিছু কাজের পাশাপাশি কো-রাইটার হিসেবে কাজ করেছেন বিশ্ব কাঁপানো ফুটবল বিশ্বকাপ চলাকালে কেনানের ‘উয়েভেন ফ্ল্যাগ’ গানটিতেও।১৯৮৫ সালে ব্রুনো মার্সের জন্ম যুক্তরাষ্ট্রে। পুরো নাম পিটার জেন হার্নান্দেজ, তবে ভক্ত-শ্রোতাদের কাছে ব্রুনো মার্স হিসেবেই পরিচিত। সংগীত পরিবারের ছয় ভাইবোনের মধ্যে ব্রুনো ছোটবেলা থেকেই গান নিয়ে ব্যস্ত ছিলেন। সংগীতজীবনের শুরুতে গান লেখা, সুর করাসহ বিভিন্ন কাজের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। পুরো গায়ক হিসেবে প্রথম অ্যালবাম ফার ইস্ট মুভমেন্ট-এর কল্যাণে আলোচনায় চলে আসেন। এ ছাড়া কো-রাইটার হিসেবে ‘বিওবি’, ‘নাথিং অন ইউ’ ও ‘বিলিওনিয়ার’ গানের কল্যাণে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন সহজেই। এ গানগুলো বিভিন্ন মিউজিক চার্টের শীর্ষ ১০-এ সাফল্যের সঙ্গে ছিল।মনোনয়ন পেয়েছেন একাধিক সংগীতবিষয়ক পুরস্কারে। বেটা অ্যাওয়ার্ড, বেটা হিপ-হপ অ্যাওয়ার্ড, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ও টিন চয়েস অ্যাওয়ার্ডের মতো পুরস্কারে মনোনয়ন পাওয়া ব্রুনো কাজ করে যেতে চান সংগীত নিয়ে। বিভিন্ন সংগীতযন্ত্রাংশ চালনায় পারদর্শী সম্ভাবনাময় তরুণ এ গায়ক নিজেকে সারা বিশ্বে সংগীতপ্রেমীদের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। লক্ষ্য, আকাশ ছোঁয়ার এবং বিশ্বের ভক্ত-শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তিনি। নুরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: ওয়েবসাইট