সাবধান, ক্যারির কাছে ঘেঁষবেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাম্ব অ্যান্ড ডাম্বার টু ছবির দৃশ্য
ডাম্ব অ্যান্ড ডাম্বার টু ছবির দৃশ্য

ধরুন, জিম ক্যারি আপনার প্রিয় তারকা। ধরতে হবে কেন? হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে দেওয়া, দমকা হাসিতে মন খারাপের গুমোট বাতাস তাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যারি আমাদের কার না প্রিয় তারকা? সেই ক্যারিকে ছুঁয়ে দেওয়ার দূরত্বে পেলে সইয়ের জন্য ছুটে তো যাবেনই। এখন আবার সেলফির যুগ চলছে। ক্যারির সঙ্গে কাঁধে হাত রেখে একটা সেলফিও তো তোলা চাই। খবরদার, ভুল করেও এমন পরিকল্পনা আঁটবেন না! পারলে ক্যারি থেকে এক গজ দূরে থাকুন।
এই তো কদিন আগে ভক্তেরা দল বেঁধে ক্যারির কাছে ছুটে গিয়েছিল। আর ক্যারি কী কাণ্ডটা করেছেন জানেন? সবাইকে ধরে ধরে চুল ছেঁটে দিয়েছেন! পেতে গেলেন অটোগ্রাফ, হারিয়ে এলেন চুল! ভুল, এ যে মস্ত বড় ভুল!

জিম ক্যারি
জিম ক্যারি

আশ্চর্যের ব্যাপার হলো, ক্যারি-তলায় গিয়ে ন্যাড়া হয়েও যেন ভক্তদের খুশি আর ধরে না। যে কয়টা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে, সব কটিতেই দেখা যাচ্ছে বৈদ্যুতিক কাঁচি দিয়ে ক্যারি চুল ছাঁটছেন, আর ভক্তরা এমন ক্ষৌরকার পেয়ে যেন ধন্য!
হাতে-কলমের বদলে রেজার তুলে নেওয়া; আর ভক্তদের ডায়েরি, নিদেন হাত বা জামাকাপড়ে সই দেওয়ার বদলে ক্যারির এমন নাপিতগিরির রহস্য অবশ্য দ্রুতই উদ্ধার করা গেল। তিন দশকের ক্যারিয়ারে ক্যারি অসংখ্য প্রিয় চরিত্র উপহার দিয়েছেন। প্রিয়, তবে অবশ্যই অদ্ভুতুড়ে। এদের মধ্যে অদ্ভুতস্য অদ্ভুত চরিত্র সম্ভবত লয়েড ক্রিসমাস। পাক্কা ২০ বছর হয়ে গেছে ডাম্ব অ্যান্ড ডাম্বার-এর মুক্তির। কিন্তু সেই বাটি ছাঁটের নিরেট গবেট লয়েড আর তাঁর কাণ্ড-কারখানা এখনো হাসাচ্ছে ভক্তদের।
লয়েডের কথা ভাবলে সবার মনে পর্দায় উঁকি মারে সেই বোকা বোকা চেহারার বাটি ছাঁটের মানুষটি। ক্যারিও ইদানীং ভক্তদের সই দেওয়ার বদলে দিয়ে দিচ্ছেন বাটি ছাঁট! উপলক্ষ আর কিছুই নয়। ডাম্ব অ্যান্ড ডাম্বার-এর মুক্তির দুই দশক পূর্তিতে মুক্তি পাওয়া ডাম্ব অ্যান্ড ডাম্বার টু-এর প্রচারণা। এই ছবি দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ফেরেলি ভাইয়েরা। ছবির গল্পও তাঁদেরই লেখা। পিটার আর রবার্ট ফেরেলি জুটি আবারও ফিরিয়ে আনল লয়েড-হ্যারি জুটিকে।
মুক্তির প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্রের বাজার থেকে তিন কোটি ৮১ লাখ ডলার প্রযোজকের ব্যাংক হিসাবে পাঠিয়ে দিয়েছে ডাম্ব অ্যান্ড ডাম্বার টু।
গত ২০ বছরে অনেক কিছুই পাল্টেছে। সেদিনের ৩২ বছরের তরুণ অভিনেতা ক্যারি আরও ২০টা জন্মদিনের কেক কেটেছেন। কিন্তু তাঁর জাদু যেন এখনো এক রত্তি কমেনি। বিশেষ করে দেশের বাইরে ক্যারির জনপ্রিয়তা প্রমাণ মিলছে এই তথ্যে—ডাম্ব অ্যান্ড ডাম্বার টু বিদেশ থেকে এই সপ্তাহে আয় করেছে ১০ কোটি ডলারেরও বেশি।
মাঝখানে, ২০০৩ সালে অবশ্য ছবিটির একটি প্রিক্যুয়েল বানানো হয়েছিল, হয়েন হ্যারি মেট লয়েড। সেখানে ক্যারি-জেফ ড্যানিয়েলস কাজ করেননি। ফেরেলি ভাইয়েরাও ছিলেন না ক্যামেরার পেছনে। ছবিটা যে খুব একটা সফল ছিল, তাও বলা যাবে না। আর তাই ২০ বছর পর ছবিটার সিক্যুয়েল বানানোর মধ্যে ঝুঁকি ছিল। বিশেষ করে ‘থ্রি স্টুজেস’কে ফিরিয়ে আনার ফেরেলি ভাইদের ব্যর্থ চেষ্টার ঘটনা যেখানে টাটকাই।
সবচেয়ে বড় কথা, কমেডির ক্ষেত্রে এত দিন পরে পুরোনো রসায়নটা তৈরি করা পৃথিবীর কঠিনতম কাজ। দর্শকদের রুচিও পাল্টেছে। ২০ বছর আগে যে দর্শকেরা ছবিটাকে ভালোবেসেছিলেন, তাঁরা হয়তো এখন আর এমন খ্যাপামো কমেডি আর পছন্দও করেন না। কিন্তু সেই পরীক্ষায় সফলভাবে উতরে গেছেন ক্যারি-ড্যানিয়েলস।
এটা যেন ক্যারির জন্যও নিজেকে পুনরাবিষ্কার করা। কমেডিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। সেখান থেকে টিভি তারকা। টিভি তারকা থেকে বড় পর্দার কমেডি তারকা। সেখান থেকে ‘সিরিয়াস’ ছবিগুলোতে অভিনয় করে কমেডির খোলস ছেড়ে সত্যিকারের চলচ্চিত্রতারকা হয়ে ওঠা, তারপর পুরস্কারজয়ী তারকা...। আর এর সবই তিনি করেছেন আট বছরের মধ্যে। কিন্তু বাস্তবতা হলো, গত কয়েকটি ছবিতে ক্যারি নিদারুণ হতাশ করেছেন ভক্তদের। সবাই সেই খ্যাপাটে ক্যারিকে খুঁজছিল। দ্য মাস্ক, এস ভেনচুরা, লায়ার লায়ার- এর চূড়ান্ত রকমের পাগলামি করা ক্যারিকে।
অবশেষে সেই তিনি ফিরে এলেন, যেখানে শুরু হয়েছিল তাঁর যাত্রা!
রাজীব হাসান
হলিউড লাইফ অবলম্বনে