সাবমেরিনে ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে অনুষ্ঠান করতে গিয়ে সাবমেরিনে ভ্রমণের সুযোগ পেলেন ফেরদৌস ওয়াহিদ ও আঁখি আলমগীর। মালদ্বীপের মালের সোশ্যাল সেন্টারে ১৮ ও ১৯ জুন দুটি অনুষ্ঠানে অংশ নেন তাঁরা। এই অনুষ্ঠানে আরও গান করেছেন ফকির আলমগীর, নির্ঝর এবং সেরা কণ্ঠ প্রতিযোগিতার শারমীন ও নির্বাচিতা। সঙ্গে ছিলেন কয়েকজন নৃত্যশিল্পী।আঁখি জানান, ২০ জুন বিকেল চারটায় সাবমেরিন ভ্রমণ শুরু হয় তাঁদের। এক ঘণ্টার এই ভ্রমণে তাঁদের সঙ্গে ছিলেন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন। আঁখি আলমগীর বলেন, ‘সাবমেরিন ভ্রমণটা এখনো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ফিরে এসে পরিবারের সবার সঙ্গে এই ভ্রমণ নিয়ে অনেক গল্প করেছি। শিগগিরই সবাই মিলে সাবমেরিন ভ্রমণের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার জন্য আবার মালদ্বীপ যাব।’ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘আমি কিন্তু বিশ্বের অনেক দেশ ঘুরেছি। কিন্তু এবারের ভ্রমণটি স্মরণীয় হয়ে থাকবে। আমরা সাধারণত দেশের বাইরে যেসব অনুষ্ঠান করি, সেখানে হাজারখানেক দর্শক থাকে। কিন্তু মালেতে দর্শক ছিল প্রায় ১২ হাজারের মতো। আমাদের জন্য আসল চমকটি ছিল অনুষ্ঠান শেষ হওয়ার পর। তখন আয়োজকদের পক্ষ থেকে সাবমেরিনে ভ্রমণের প্রস্তাব দেওয়া হয়। আমরাও রাজি হয়ে যাই।’তিনি আরও বললেন, ‘সাবমেরিনে ঘণ্টায় প্রত্যেকের খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। আসলে টাকাটা কোনো বিষয় নয়। আমার একটা লুকানো স্বপ্ন এবার পূরণ হয়েছে।’ফেরদৌস ওয়াহিদ জানালেন, ভারত মহাসাগরের তীর থেকে দুই কিলোমিটার দূরে অপেক্ষা করেছিল সাবমেরিনটি। এই সাবমেরিনে করে সাগরের প্রায় ৯০-১০০ ফুট নিচে যান তাঁরা। সাগরের তলদেশের ছোট-বড় অনেকগুলো পাহাড়, শতাধিক প্রজাতির মাছ আর নানা কিছু দেখে তাঁরা রোমাঞ্চিত হন।