সাবলীল সাবিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিলা
সাবিলা

মেয়েটি যে ভীষণ আদুরে, তা প্রথম দেখাতেই স্পষ্ট বোঝা যায়। হাতে পানির বোতল, পাশে মা আর কথার শুরুতেই মায়ের কাছ থেকে বিষয়টা আরও স্পষ্টভাবে বুঝে নেওয়া। এককথায় মায়ের লক্ষ্মী মেয়ে। কিন্তু এটা শুধু প্রথম দর্শনের ভাবনাই। এ ভাবনার ঠিক উল্টো পিঠে তাঁর বাস।
আদতে দারুণ চঞ্চল। হাত না নেড়ে কথাই বলতে পারেন না। এ জন্যই তো ‘বাঁশে তেল মাখানো’র বিজ্ঞাপনে তাঁর হাতের ভঙ্গি সবদিকে এতটা সাড়া ফেলেছে। হাত নাড়ানোর ভঙ্গি ছাড়াও সাবিলার অভিব্যক্তিও বলার মতো। এটা বুঝতে হলে অবশ্য ব্যক্তি সাবিলা পর্যন্ত যেতে হবে না। তাঁর টিভি কমার্শিয়ালগুলো দেখলেই তা বোঝা যায়। সবশেষ গ্রামীণফোন থ্রিজির বিজ্ঞাপনে বান্দরবানের পাহাড় থেকে দাদির সঙ্গে আবেগপ্রবণ ফোনালাপ, কিংবা ‘টুকি তো আমাকে বাই বলল না’য় সাবিলার চলে যাওয়ার দৃশ্য, যেন অন্য এক সাবিলাকে চেনায়।
পর্দায় তাঁর রংঢঙের ব্যাপ্তি হয় শুধু কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু এর প্রভাব যে কতটা বিস্তৃত, তা সাবিলা নূর এখন স্পষ্ট উপলব্ধি করেন। ‘টুকি তো আমাকে বাই বলল না’ বিজ্ঞাপনের পর চেনা-অচেনা সবাই দেখা হওয়ামাত্রই তাঁকে বলে উঠত, ‘বাই’! এমন করেই প্রতিটা বিজ্ঞাপনের পরই তা ভীষণভাবে প্রভাব ফেলত সাবিলার ওপর। আর এই প্রভাব দারুণ উপভোগ করতেন তিনি।
মডেলিং নিয়েই মেতে থাকা এ মেয়ে কাজ শুরু করেন ২০১০ সালে। এরই মধ্যে ১২টি টিভিসিতে দেখা গেছে তাঁকে। লক্ষ্য তাঁর মডেলিংয়েই থিতু হওয়া। তাই আপাতত ভাবছেন না অভিনয় নিয়ে। মাঝে একটি ধারাবাহিকে অভিনয় করেছেন, কিন্তু নাটক নিয়ে মোটেও সন্তুষ্ট নন সাবিলা। সাবিলার ভাষায়, ‘আমি অনেক ইমম্যাচিওর। আমার আরও সময় লাগবে অভিনয় শেখার জন্য।’ শিক্ষার বিষয়কে খুব বেশি প্রাধান্য দেন সাবিলা। তাই অভিনেত্রী হওয়ার আগে ভালো করে অভিনয়কে রপ্ত করতে চান।
মাত্র চার বছর বয়স থেকে নাচ শেখা শুরু করেন। ২০০৭ সালে বাফা থেকে নাচে প্রথম শ্রেিণতে প্রথম হয়ে শেষ করেন নাচের আনুষ্ঠানিক শিক্ষা। তবে এখনো নাচকে নিজের সবচেয়ে বড় প্যাশন বলে থাকেন তিনি। পড়াশোনায়ও বেশ ভালো এ মেয়ে। শুধু অঙ্কে একটু কাঁচা, তবে ক্যামেরার সামনে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার হিসাবটা মেলাতে পারেন বেশ।
অভিনয়ে সাবিলার অনুপ্রেরণা আবুল হায়াত ও শর্মিলী আহমেদ। তাঁদের সঙ্গে বকুলপুরের যাত্রী নামে একটি নাটকে কাজ করতে গিয়ে তাঁদের ভক্ত হয়ে গেছেন। এর পর থেকে অভিনয়ে নিজের আদর্শ হিসেবে এ দুজনকেই বেছে নিয়েছেন তিনি। তবে একেবারে ছোটবেলা থেকে সাবিলার একজন আইডল আছেন। তিনি হলেন কারিনা কাপুর। তাঁর পরিবার আর বন্ধু মহলের সবাই নাকি বলেন, কারিনার মতো সাবিলা বেশ চটপটে। সাবিলাও তাঁদের সঙ্গে একমত। ছেলেবেলায় কাভি খুশি কাভি গাম দেখে তিনিও আয়নার সামনে দাঁড়িয়ে যেতেন। কারিনার মতো আয়নার সামনে দাঁড়িয়ে খানিকটা আহ্লাদও করতেন!
কিছুদিন হলো হাতে কোনো কাজ নিচ্ছেন না সাবিলা। কারণ, সামনেই তাঁর ও-লেভেল পরীক্ষা। তাই এখন পড়াশোনায় মনোযোগী তিনি। তবে পরীক্ষা শেষে আবারও কাজে ফিরবেন। কাজের মাধ্যম আপাতত থাকবে অপরিবর্তিতই। নিজেকে ভিজ্যুয়াল কমার্শিয়ালেই আপাতত শক্ত করতে চান। এরপর একটু পরিপক্বতা এলেই নিজেকে অভিনয়ে যাচাই করার ইচ্ছা সাবিলার৷