সাবিনা-হাদীর অনুষ্ঠান উপস্থাপনায় অপি করিম

সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের সংগীতজগতে জনপ্রিয় নাম। এবার ঈদুল ফিতরের এক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন এ দুই কণ্ঠশিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপি করিম।
বাংলাভিশনের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘সোনালি প্রান্তরে’। আড্ডা ও গানের সমন্বয়ে নির্মিত অনুষ্ঠানটির ধারণকাজ সম্প্রতি শেষ হয়েছে।
অনুষ্ঠানটি সম্পর্কে সাবিনা ইয়াসমীন জানান, ‘সৈয়দ আব্দুল হাদী ভাইয়ের সঙ্গে গেয়েছি। বেশ ভালো লেগেছে।’
সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘এ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন ও আমি একসঙ্গে গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। দর্শক অনেক কিছু জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে।’
অপি করিম বলেন, ‘দুজন জীবন্ত কিংবদন্তির অনুষ্ঠান উপস্থাপনা করতে পেরে ভালো লেগেছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে।’
সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী অনুষ্ঠানে কথা বলেছেন একসঙ্গে সিনেমায় গান গাওয়ার নানা অভিজ্ঞতা নিয়ে। অনুষ্ঠানে তাঁরা ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যত্ পরিকল্পনার কথাও বলেছেন।
নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘সোনালি প্রান্তরে’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল পাঁচটা ১৫ মিনিটে।