সাবিনার মুখোমুখি কনকচাঁপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত ‘স্টার নাইট’ অনুষ্ঠানে জনপ্রিয় ও গুণী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের মুখোমুখি হলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। অনুষ্ঠানটির ধারণকাজ শেষ হয়েছে। সাক্ষাত্কারধর্মী এ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীনকে কাছে পেয়ে অভিভূত কনকচাঁপা। প্রথম আলো ডটকমকে কনকচাঁপা বলেন, ‘সাবিনা ইয়াসমীন এ দেশের একজন কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী। তাঁঁর মতো শিল্পীর সান্নিধ্য পাওয়া যে-কারও জন্য অনেক আনন্দের। আর তাঁকে সাক্ষাত্কারে ধরে রাখার বিষয়টি তো শিল্পী হিসেবে আমার জন্য অনেক সৌভাগ্যের। প্রথম দিকে যখন অনুষ্ঠানটি উপস্থাপনার প্রস্তাব পাই, তখন মনে কিছুটা ভয় ছিল; ভেবেছিলাম, সাবিনা আপার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে প্রশ্ন করতে পারব কি না। শেষে মনে হয়েছে, আমি তা সঠিকভাবেই করতে পেরেছি।’কনকচাঁপা আরও বলেন, ‘পুরো অনুষ্ঠানের ধারণকাজ শেষ হতে সাড়ে তিন ঘণ্টার মতো সময় লেগেছে। এই সময়টা সাবিনা আপা বেশ হাসিমুখেই ছিলেন। পুরো সময় তিনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, তাতে আমি আরও অবাক হয়েছি। তিনি যে মাটির মানুষ, তা এই “স্টার নাইট” অনুষ্ঠানে আড্ডা দিতে গিয়ে আবারও প্রমাণ পেলাম।’কোনো টেলিভিশনে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কনকচাঁপার এ ধরনের অনুষ্ঠান এটিই প্রথম। তাই এ নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের কাছে কনকচাঁপার কৃতজ্ঞতার শেষ নেই। কনকচাঁপা বলেন, ‘আমি অনেক বেশি কৃতজ্ঞ মাছরাঙা টেলিভিশনের কাছে এ ধরনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের আত্মজীবনী নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’ প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে।চ্যানেল সূত্রে জানা গেছে, এক ঘণ্টা ১৫ মিনিটের এ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীনের সাক্ষাত্কারে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত ও সংগীতজীবনের নানা দিক। এর পাশাপাশি থাকবে তাঁর জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনার ভিডিওচিত্র ও জনপ্রিয় কিছু গানের দৃশ্য। কবির বকুলের পরিকল্পনায় নির্মিত অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অজয় পোদ্দার।