সাবিনার রবীন্দ্রসংগীতের অ্যালবাম ও অনুষ্ঠান
রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিপ্রণাম জানিয়েছেন সাবিনা ইয়াসমীন। গেয়েছেন রবীন্দ্রসংগীত। বাইশে শ্রাবণ উপলক্ষে ঈদের আগেই ইমপ্রেস অডিও ভিশন প্রকাশ করবে তাঁর রবীন্দ্রসংগীতের অ্যালবাম আমি সন্ধ্যাদীপের শিখা। আর অ্যালবামের ছয়টি গান নিয়ে ঈদের তৃতীয় দিন সন্ধ্যায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে অনুষ্ঠানপথ চাওয়াতেই আনন্দ। উপস্থাপনা করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সাবিনা বললেন, ‘রবীন্দ্রসংগীতের প্রতি আমার দুর্বলতা সেই ছোটবেলা থেকেই। কিছু গান তো খুব পছন্দ করি। ১২-১৩ বছর আগে তপন মাহমুদ আর আমার গান নিয়ে রবীন্দ্রসংগীতের একটা অ্যালবাম বেরিয়েছিল। এবার বেরিয়েছে একক অ্যালবাম। আমার খুব পছন্দের ১০টি গান গেয়েছি এতে।’সব কটি গানের সংগীতায়োজন করেছেন রকেট মন্ডল। কলকাতায় সংগীতায়োজনের ব্যাপারটি কাছে থেকে তত্ত্বাবধান করেছেন কবীর সুমন। গানগুলোতে কণ্ঠ দেওয়ার আগে সাবিনাকে খুঁটিনাটি অনেক কিছু দেখিয়ে দিয়েছেন তিনি। সাবিনা জানালেন, এরপর তিনি নজরুলসংগীত নিয়ে অ্যালবাম করবেন।