সাবেক প্রেমিকের বিরুদ্ধে প্রীতির মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া
প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া

শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে বলিউড তারকা প্রীতি জিনতার প্রেমের শুরুটা হয়েছিল ২০০৫ সালে। তাঁরা দুজনই আইপিএলে এবারের রানারআপ দল কিংস ইলেভেন পাঞ্জাবের কর্ণধার। ২০০৯ সালে তাঁদের প্রেমের সম্পর্কের ইতি ঘটে। কিন্তু তার পরও কিংস ইলেভেন পাঞ্জাবের দেখাশোনা করেন প্রীতি। সাবেক সেই প্রেমিকের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ করেছেন প্রীতি। গত বৃহস্পতিবার নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ভারতের মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় শ্লীলতাহানি, ইচ্ছাকৃতভাবে অপমান এবং মহিলার সম্ভ্রমহানিকর শব্দ প্রয়োগের অভিযোগ দায়ের করেন।
সংবাদমাধ্যমের কাছে এই এফআইআরের কথা স্বীকার করেছে মেরিন ড্রাইভ থানার পুলিশ। তাদের মতে, প্রীতির লিখিত অভিযোগ অনুযায়ী ৩০ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ চলার সময় রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটেছে। আইপিএলের পর দেশের বাইরে যান প্রীতি। সেখান থেকে ফিরে তিনি থানায় এই অভিযোগ দায়ের করেন।
এদিকে নেস ওয়াদিয়া এসব অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ‘আমি স্তম্ভিত! প্রীতি কীভাবে এত নিচে নামতে পারলেন!’
নতুন আইন অনুযায়ী শ্লীলতাহানির জন্য কঠোর সাজার ব্যবস্থা রাখা হয়েছে।