সাব্বির, কিশোর, নিশিতা, শশী এবার বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাব্বির, কিশোর, নিশিতা, শশী—এঁরা সবাই ছিলেন রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের বিভিন্ন আসরের সেরা ১০ প্রতিযোগীর মধ্যে অন্যতম। তাঁরাই এবার বিচারক হিসেবে হাজির হচ্ছেন প্রতিযোগীদের সামনে।আইডলের বাংলাদেশি সংস্করণ বাংলাদেশি আইডলের বাছাই পর্বে বিচারক হয়েছেন তাঁরা। এরই মধ্যে চট্টগ্রামে বাছাইপর্বে জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে দেখাও গেছে তাঁদের। সামনে দেশের বিভিন্ন জেলা শহরে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন তাঁরা। কিশোর বলেন, ‘দেশের জ্যেষ্ঠ বিচারকদের পাশাপাশি বাংলাদেশি আইডল কর্তৃপক্ষ আমাদেরও বিচারক নির্বাচিত করেছে। আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আশা করছি, বিচারকাজ করার পাশাপাশি শেখার কাজটিও হবে। পুরো বিষয়টি আমার সংগীত ক্যারিয়ারে ভিন্ন একটা মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’নিশিতা বলেন, ‘বাংলাদেশি আইডলের বাছাই পর্বের বিচারক হওয়ার জন্য ইমন দা (ইমন সাহা) প্রস্তাব দেন। আমি বিচারক, বিষয়টা শুনে প্রথমে বেশ হাসি পেয়েছিল। তবে এ ধরনের একটি অনুষ্ঠানে বিচারক ভাবতে অনেক ভালো লাগছে। অনেক কিছু শিখতে পারছি।’সাব্বির বলেন, ‘এই তো কয়েক বছর আগেও আমরা ছিলাম এ ধরনের প্রতিযোগিতার প্রতিযোগী। আজ আমরা প্রতিযোগীদের বিচার করছি। সুযোগটা কাজে লাগানোর পাশাপাশি সিনিয়র যাঁরা আছেন, তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব বলেও মনে করছি।’শশী বলেন, ‘সত্যি এটা আমাদের দেশে একেবারে নতুন একটি ভাবনা। এত বড় একটি প্ল্যাটফর্মে কর্তৃপক্ষ আমাদের যেভাবে ভেবেছে, তাতে আমি অনেক বেশি সম্মানিত। চেষ্টা করব তাঁদের সেই সম্মানের মর্যাদা রাখার। পাশাপাশি সিনিয়রদের কাছ থেকে শেখার ব্যাপারটিও ভুলব না।’ কিশোর, সাব্বির, নিশিতা ও শশী বাংলাদেশের গুণী সংগীতশিল্পীদের সঙ্গে বাছাই কার্যক্রমে বিচারক হয়েছেন। আর বাংলাদেশি আইডলের মূল বিচারক হিসেবে আছেন ফেরদৌসি রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন।