সাভার ট্র্যাজেডি নিয়ে অর্ণবের গান

সাভার ট্র্যাজেডি নিয়ে ‘মন খারাপের বৃষ্টি’ শিরোনামে একটি নতুন গান করলেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। ‘সকাল থেকে আমার আকাশে বৃষ্টি, মিষ্টি হাসি কোথায় পাব বলো/চোখের জলে ঝাপসা হচ্ছে দৃষ্টি, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো’—অর্ণবের নতুন গানে এমন কথাই রয়েছে।
প্রথমে গানটি অর্ণব তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। এরপর ইনকারশন মিউজিক নামের একটি ওয়েব পোর্টালে গানটি রাখা হয়। পোর্টাল থেকে গানটি অর্থের বিনিময়ে ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে যে অর্থ সংগৃহীত হবে, তা সাভারের রানা প্লাজায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে।
অর্ণবের নতুন গান ‘মন খারাপের বৃষ্টি’র কথা লিখেছেন মৃত্তিকা গুণ। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতও করেছেন অর্ণব।
অর্ণব বলেন, ‘প্রথমে এমনিতেই গানটি তৈরি করেছিলাম। গানটি তৈরি হওয়ার পর ফেসবুকে আপলোড করি। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা গানটি শোনার পর বেশ প্রশংসা করেন। এর মধ্যে ইনকারশন মিউজিক নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগ হয়। ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ গানটি নিয়ে তাদের কিছু ভাবনার কথা জানায়। ইনকারশনের ভাবনার সঙ্গে আমার ভাবনা মিলে যাওয়ায় “মন খারাপের বৃষ্টি” গানটি বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিই। এতে দেশে ও দেশের বাইরের শ্রোতারা গানটি শোনার মাধ্যমে সাভার ট্র্যাজেডিতে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে পারবেন বলে আমি মনে করি।’
অর্ণব আরও বলেন, ‘সাভারের রানা প্লাজার ট্র্যাজেডি সারা দেশের মানুষের মতো আমাকেও মর্মাহত করেছে। গানটির মাধ্যমে মানুষের নানা কষ্টের কথা তুলে ধরেছি।’
উল্লেখ্য, সাভার ট্র্যাজেডি নিয়ে নির্মিত অর্ণবের নতুন গানটি শুনতে www.savar.incursionmusic.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
নতুন গানের খবরের পাশাপাশি অর্ণব আরও জানান, তিনি খুব শিগগির অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের নতুন অ্যালবামের কাজ শুরু করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব কাজই প্রায় গুছিয়ে এনেছি। সামনে সুবিধাজনক কোনো সময়ে গানগুলোর কাজ শুরু করব।’