সাভার ট্র্যাজেডির দুর্গতদের পাশে স্বপ্নদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার ট্র্যাজেডির দুর্গত মানুষকে উত্সর্গ করে এবং তাঁদের সাহায্যার্থে নাট্যসংগঠন স্বপ্নদলের ‘হরগজ’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে ৮ মে বুধবার সন্ধ্যা সাতটায়। স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানিয়েছেন, প্রদর্শনী থেকে পাওয়া অর্থ দুর্গত মানুষের সাহায্যার্থে গঠিত তহবিলে জমা দেওয়া হবে। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেলিম আল দীন রচিত ‘হরগজ’ নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।জাহিদ রিপন জানান, ‘হরগজ’ নাটকটি মানবতার পক্ষে চেতনা তৈরির ব্যতিক্রমী এক শিল্পপ্রয়াস হিসেবে দর্শকদের কাছে গৃহীত হয়েছে। এর প্রেক্ষাপট আর সাম্প্রতিক সাভার ট্র্যাজেডির ঘটনাবলির মধ্যে নানা মাত্রায় সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এ জন্য নাটকটির বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে স্বপ্নদল। ১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলার হরগজ নামের এক জায়গায় সংঘটিত প্রলয়সদৃশ টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২ সালে সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। টর্নেডো-পরবর্তী প্রথম উদ্ধারপর্বে অংশ নেওয়া একটি ত্রাণদলের দেখা প্রকৃতি ও প্রাণিজগতের লণ্ডভণ্ড চিত্র এ নাটকের উপজীব্য। ‘হরগজ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোনালি, শরীফ, শ্যামল, সুকন্যা, ইমন, রেজাউল, সামাদ, শিশির, শাহীন, মিতা, মোস্তাফিজ, মাধুরী, রেজা, সাঈদ, জাহিদ প্রমুখ। নাটকটির আলোকপরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান। মঞ্চপরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ ও আল-আমিন।