সাভার ট্র্যাজেডির রেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরণ্যক নাট্যদলের খাণ্ডব নাটকের মহড়ার একট কক্ষে
আরণ্যক নাট্যদলের খাণ্ডব নাটকের মহড়ার একট কক্ষে

গত ২ আগস্ট সন্ধ্যা। শিল্পকলা একাডেমীর ১ নম্বর মহড়াকক্ষে শুরু হলো আরণ্যক নাট্য দলের নতুন প্রযোজনাখাণ্ডব-এর মহড়া। প্রায় দুই মাস ধরে চলছে এই মহড়া। সাভার ট্র্যাজেডির পটভূমিতে নাটকটি লিখেছেন হারুণ অর রশিদ। নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।

নাটকের শুরুতেই রেলগাড়ির অবয়ব নিয়ে মঞ্চে প্রবেশ করে মানব ট্রেন। কুশীলবদের কণ্ঠ এবং ওষ্ঠ ধ্বনিতে তৈরি হলো চলন্ত ট্রেনের দৃষ্টিনন্দন এক আবহ। এই মানব ট্রেনের প্রত্যেকের চোখে জীবনের অব্যক্ত স্বপ্ন।

রোদ-বৃষ্টি-ঝড় যা-ই থাকুক। সকাল হলেই জীবিকা আর স্বপ্নের তাড়নায় তাদের ছুটতে হয় কর্মস্থলে। দেরি হলেই হারাতে হবে চাকরি। ওভারটাইম করতে হবে কিংবা বেতন কাটা যাবে।—এসব নানা বঞ্চনার পরও নাটকে দেখা যায়, কর্মস্থলে বেশ আনন্দে মেতে আছে তারা। গার্মেন্টসের একটি ফ্লোরের দৃশ্য। সিকিউরটি ইনচার্জ আইজুল হাকিমের প্রবেশ। তার অভিব্যক্তি এমন, দেখলেই বোঝা যায় যত গর্জে তত বর্ষে না। যেমন তার শারীরিক কাঠামো, তেমনি চারিত্রিক বৈশিষ্ট্য। এর সঙ্গে যুক্ত হয়েছে মজার সব সংলাপ। জমে ওঠে সহকর্মীদের মধ্যে ঠাট্টা-মশকরার নানা কাণ্ড।

 অন্যদিকে ফ্লোর ইনচার্জ জয়নাল। মালিকপক্ষকে খুশি রাখতে সহকর্মীদের কাছে সে হয়েছে হাসির পাত্র। ফ্লোরের কর্মী ফুয়ারার প্রতি তার ভালোবাসা গভীর—দুজনের মধ্যে চলে নানা খুনসুটি। বিষয়টি নিয়ে অন্য সহকর্মীরাও বেশ তৃপ্ত। নাটকের গল্পের কি এখানেই ইতি?

না, রাঁধা, জরিনা, লতিফ—এদের গল্প তো বলাই হয়নি। প্রতিদিনের কাজের ফাঁকে হাসি-ঠাট্টার মধ্য দিয়ে কেটে যায় সবার স্বপ্নময় দিন।

একসময় আসে নাটকের চতুর্থ দৃশ্য। হঠাৎ ধসে পড়ে ১১ তলা গার্মেন্টস ভবনটি। চারদিকে মৃত্যুযন্ত্রণার চিৎকার আর মানুষের বাঁচার আর্তনাদ। চোখের সামনে ভাসছে সাভার ট্র্যাজেডি।

এবার চলছে উদ্ধার অভিযানের কাজ। উদ্ধার অভিযানের কমান্ডার চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ।

 নাট্য মহড়ার দৃশ্য পরিক্রমায় ক্রমাগত মূর্ত হয়ে উঠছে ধসে পড়া ভবনে বেঁচে থাকা মানুষের বিচিত্র গল্প। দুর্ঘটনাকে ঘিরে সাধারণ মানুষ, উদ্ধারকর্মী, সাংবাদিক ও স্বজনদের মধ্যে ঘটছে নানা ঘটনা। এই ঘটনার স্রোতে বহুমুখী দ্বন্দ্ব আর অন্তর্দ্বন্দ্ব নিয়ে নাটক এগিয়ে যাচ্ছে অন্তিম পরিণতির দিকে।

 মহড়া শেষে কথা বললেন মামুনুর রশীদ। ‘সাভার ট্র্যাজেডি সাম্প্রতিক কালের সবচেয়ে অমানবিক ঘটনা। সর্বস্তরের মানুষের হূদয়কে নাড়া দিয়েছে ঘটনাটি। দায়িত্ববোধ থেকে এই নাটকটি মঞ্চে এনেছি আমরা। আশা করছি প্রযোজনাটি দর্শকদের ভালো লাগবে।’

মহড়া শেষ হয়েছে। তবে মহড়াকক্ষে তখনো যেন রয়েছে সাভার ট্র্যাজেডির রেশ।