এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক নো প্রবলেম ডট কম। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মানিক মানবিক। এ নাটকে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। কথা হলো তাঁর সঙ্গে।বাংলা নববর্ষ উপলক্ষে আপনার গাওয়া গানের একক অ্যালবাম আসার কথা শুনেছিলাম।এটা বের করবে সংগীতা। অ্যালবামের কাজ এখনো অনেক বাকি। যত দূর বুঝতে পারছি, আরও মাসখানেক লেগে যাবে। এ পর্যন্ত আমার পাঁচটি মিক্সড অ্যালবাম বেরিয়েছে। তাই আমার একক অ্যালবামের ব্যাপারে শ্রোতাদের আলাদা আগ্রহ তৈরি হয়েছে। আমিও সে ব্যাপারটা মাথায় রেখেছি। তাই তাড়াহুড়ো করতে চাইছি না।অ্যালবামটি নববর্ষের আগে এলে তো ভালোই হতো।আমিও সেটা জানি। কিন্তু আমি তো আর গানের লোক নই। সকালে ঘুম থেকে উঠেই ছুটছি শুটিং লোকেশনে। সারা দিন নাটকের কাজ। এরপর বাসায় যখন ফিরব, তখন অনেক রাত। আলাদা কিছু করার জন্য যতটুকু সময় প্রয়োজন, সেটা আমার পক্ষে দেওয়া খুব কঠিন ব্যাপার। কোথায় কাজ করতে যাচ্ছেন?গাজীপুর। টাঁকশালের পাশেই একটা গ্রাম, পাচুরিয়া। এখানে অরণ্য আনোয়ারের জেন্টস টেইলার্স (প্রা.) লি. ধারাবাহিকের কাজ হচ্ছে। গল্পটা খুব সুন্দর। আর কাজটা করেও বেশ মজা পাচ্ছি। চ্যানেল ওয়ানে এখন নাটকটি প্রচারিত হচ্ছে। ‘নো প্রবলেম ডট কম’ নাটকের খবর কী?নাটকের গল্পে আমার একটা প্রতিষ্ঠান আছে—এখানে বিয়ে থেকে শুরু করে রূপচর্চা পর্যন্ত সব ধরনের পরামর্শ দেওয়া হয়। কেউ কোনো সমস্যা নিয়ে এলে তার ত্বরিত সমাধান দেওয়ার চেষ্টা করি। কিন্তু একটা সমস্যার সমাধান দিতে গিয়ে আরও কয়েকটা ঘটনা তৈরি করে ফেলি। ঘটনাগুলো এত মজার যে দর্শক দেখে দারুণ মজা পায়।‘মনপুরা’র পর আর কোনো চলচ্চিত্রে অভিনয়ের সম্ভাবনা আছে?হ্যাঁ, মনপুরার পরিচালক গিয়াসউদ্দিন সেলিম আরেকটি ছবি তৈরি করতে যাচ্ছেন। নাম কাজল রেখা। ওটাতে অভিনয় করব। শুনেছি, এখন গবেষণা ও লেখালেখির কাজ পুরোদমে চলছে। হয়তো এ বছরের মাঝামাঝি ছবির শুটিং শুরু হবে। বিনোদন প্রতিবেদক