সামাজিক দায়িত্ব পালনে পুনম পাণ্ডের স্টাইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনম পাণ্ডে
পুনম পাণ্ডে

সম্প্রতি সামাজিক দায়িত্ব পালনের পক্ষে নিজের সাফাই গাইতে গিয়ে বিতর্কিত মডেল ও বলিউডের অভিনেত্রী পুনম পাণ্ডে বলেছেন, ‘সংক্ষিপ্ত পোশাক পরে আমি এক অর্থে সামাজিক দায়িত্বই পালন করছি। কারণ, স্বল্পবসনা পুনমকে দেখতে মানুষ অনেক পছন্দ করে।’
উলটা-পালটা নানা কীর্তি ঘটিয়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হওয়ার পাশাপাশি মডেল থেকে বলিউডের অভিনেত্রীর তকমাও জুটিয়েছেন পুনম। তাঁর অভিনীত প্রথম ছবি ‘নাশা’ মুক্তি পাচ্ছে ২৬ জুলাই।
‘জিসম’খ্যাত নির্মাতা অমিত সাকসেনা পরিচালিত ‘নাশা’র সাফল্য নিয়ে অনেক আশাবাদী বলেই জানিয়েছেন পুনম। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আবেগঘন দৃশ্যের পাশাপাশি এই ছবিতে এমন অনেক কিছু আছে, যা দর্শককে মুগ্ধ করবে। অভিনয়প্রতিভা দেখানোর সুযোগ আছে জানার পরই কেবল ছবিটিতে কাজ করতে রাজি হয়েছি আমি। সবাই আমাকে যেভাবে দেখতে চায়, সেভাবেই পর্দায় নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি।’
মুক্তির আগমুহূর্তে প্রচারণার কৌশল হিসেবে ‘নাশা’ ছবির অন্তরঙ্গ দৃশ্যের এমএমএস ফাঁসের অভিযোগ উঠেছে পুনমের বিরুদ্ধে। কিন্তু বিষয়টি বেমালুম অস্বীকার করেছেন বহু বিতর্কের জন্ম দেওয়া ২৬ বছর বয়সী এ তারকা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। 

এদিকে, পুনম পাণ্ডের সঙ্গে সাবেক পর্নো তারকা ও বলিউডের অভিনেত্রী সানি লিওনের তুলনা শুরু হওয়ায় দারুণ চটেছেন পুনম। সম্প্রতি বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সানি লিওনের সঙ্গে আমার তুলনা করার বিষয়টি রীতিমতো ঘৃণা করি আমি। আমার পছন্দের অভিনেত্রীদের মধ্যে আছেন রেখা, মাধুরী ও কাজল। ভবিষ্যতে তাঁদের সঙ্গে নিজের তুলনা করতে চাই আমি।’

মুক্তির আগেই পুনমের ‘নাশা’ নিয়ে বিতর্ক উঠেছে। ছবিটির পোস্টারে অশ্লীলতার মাত্রা সীমা ছাড়িয়ে গেছে—এমন অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভও হয়েছে। সম্প্রতি উত্তর-পূর্ব দিল্লির অনেক স্থায়ী বাসিন্দাই ‘নাশা’ ছবির পোস্টার দেখে ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে রাস্তায় নেমে বিক্ষোভও শুরু করেন তাঁরা। এ প্রসঙ্গে একজন বিক্ষোভকারীর ভাষ্য, ‘পবিত্র রমজান মাসে এ ধরনের অশ্লীলতা কোনোভাবেই বরদাশত করা যায় না। বিষয়টির সুরাহার জন্য শিগগির আমরা মামলা করব।’