সামাজিক যোগাযোগের ‘রাজা’ সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিজের একচ্ছত্র আধিপত্য তৈরি করেছেন বলিউডের ‘দাবাং’খ্যাত অভিনেতা সালমান খান। ফেসবুক, টুইটার, ইউটিউব. গুগল প্লাস মিলিয়ে বিশাল এক ভক্ত রাজ্য তাঁর।ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সবচেয়ে জনপ্রিয় তারকা হচ্ছেন সালমান খান। জনপ্রিয়তার দিক থেকে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকেও পেছনে ফেলেছেন তিনি। সাম্প্রতিক এক গবেষণায় সালমানের এ জনপ্রিয়তার কথা উঠে এসেছে। গবেষণাটি করেছে সামাজিক ওয়েবসাইট বিশ্লেষক প্রতিষ্ঠান আসতেরি অ্যানালাইটিকস। গবেষণায় মোট ২৫ টি প্যারামিটারে তারকাদের জনপ্রিয়তা বিচার করা হয়েছিল। গবেষণায় দেখা গেছে, ফেসবুকে সালমানের ভক্ত রয়েছে প্রায় ৭৫ লাখ, টুইটারে প্রায় ৩২ লাখ ও ইউটিউবে ৬০ হাজারের বেশি ভিডিও রয়েছে তাঁর। পাশাপাশি টুইটারের ফ্যান ক্লাবে ৫৭ হাজারের বেশি ফলোয়ার, ফেসবুক ফ্যান ক্লাবে সাড়ে সাত লাখের বেশি ভক্ত, গুগল প্লাসে দুই হাজার ৭০০ ফলোয়ার রয়েছে তাঁর।বিশ্লেষকেরা জানিয়েছেন, বলিউডের তারকাদের মধ্যে সালমান খানকে নিয়েই তাঁর ভক্তরা বেশি চর্চা করেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বিশাল ভক্তসংখ্যার সাম্রাজ্যে অন্যান্যদের চেয়ে এগিয়েই রয়েছেন ৪৭ বছর বয়সী বলিউডের এই ব্যাচেলর তারকা।